
কলকাতা: চৈত্রের শেষে পারদ চল্লিশের ঘরে। আবহাওয়া অফিস আগেই বলেছিল বৈশাখে গরম পড়বে। ঠিক তেমনই হচ্ছে। ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে উঠল পানাগড়ের তাপমাত্রা। আর বৈশাখের শুরুতে গরম আরও বাড়বে। তবে আশার আলো যে এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস থাকছে।
গত বছরও চৈত্র মাসে যথেষ্ট গরম ছিল। তবে এই বছরটা একটু আলাদা। গোটা চৈত্র মাসেই বৃষ্টি হয়েছে। দফায়-দফায় রোজ বৃষ্টি হয়েছে। তবে বৈশাখ মাস থেকে গরম বাড়বে হু-হু করে। কিন্তু এই সবের মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আজ পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। বৃহস্পতিবার ও শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আভাস থাকছে। বৃহস্পতি-শুক্রবার কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও এখনই ভ্যাপসা গরম কমার আশা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।