
কলকাতা: রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। শনিবার তাঁকে নগর দায়রা আদলতে তোলা হয়। অভিযুক্তকে চোদ্দ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা। এ দিন কোর্টে অভিযুক্ত শঙ্করের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুনানি চলাকালীন আচমকা ক্ষুব্ধ হন বিচারক শুভেন্দু সাহা। শঙ্করের পুত্র গোপালকে ধমক দেন বিচারক।
কেন ক্ষুব্ধ হলেন বিচারক?
সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যর ভূমিকা নিয়ে তখন শুনানি চলছিল। আচমকাই তাঁর পুত্র গোপাল আঢ্য উঠে গিয়ে বাবার সঙ্গে কথা বলতে শুরু করেন। বিষয়টি নজরে আসে বিচারকের। তখনই ক্ষুব্ধ হন বিচারক শুভেন্দু সাহা। গোপালকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই রকম সুযোগ দ্বিতীয়বার দেওয়া হবে না। গ্রেফতার করে তদন্তের আওতায় আনা হবে।”
আজ কোর্টে জ্যোতিপ্রিয়র সঙ্গে শঙ্করের ঘনিষ্ঠতা উল্লেখ করেন ইডি আধিকারিকরা। তাঁদের দাবি, রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর মধ্যে আবার দুবাইয়ে পাচার করা হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। গোয়েন্দাদের দাবি, এই টাকা শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমেই টাকা বিদেশে পাচার করা হয়েছিল।