
কলকাতা: ঋতব্রত শিবিরে অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলে ফের ভাঙন। গণতান্ত্রিক তৃণমূলের মহিলা সভানেত্রীর পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। সাবিনা চিঠিতে লিখেছেন , পদ ছাড়লেও দল তিনি ছাড়ছেন না।
চিঠির একটি বিষয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে ঋতব্রত শিবিরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ ছাড়ছেন। তিনি লিখেছেন, পদ ছাড়লেও দল ছাড়ছেন না। উল্লেখ্য সাবিনা চিঠিতে বিপ্লব মিত্রকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। আর এখানেই প্রশ্ন। ঋতব্রত শিবিরের নেতৃত্বও প্রথম থেকে দাবি করে আসছিলেন, প্রথম থেকেই তাঁরা তৃণমূলে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাহলে কি মালদহ জেলায় গুরুত্বপূর্ণ নেত্রীর মুখে সেই ধ্বনিই উচ্চারিত হল? কারণ তাঁর লেখা চিঠিতে কোথাও ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের নাম নেই।
এর আগে মমতা শিবির থেকে ঋতব্রত শিবিরে যাওয়ায় ১০ বিধায়কের সদস্যপদ খারিজের জন্য শীর্ষ আদালতে যায় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দলের তরফে বিধানসভার অধ্যক্ষের কাছেও লিখিতভাবে একই আবেদন জানান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আবেদনের প্রেক্ষিতে যে ১০ জন বিধায়কের কাছে বিধানসভার সচিবালয়ের নোটিস পৌঁছয় সেই তালিকায় রয়েছে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের নাম।
যদিও ওই বিষয়ে একটি কথা উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও ঋত শিবিরে চলে যাওয়া বিধায়কদের ১৫ দিন সময় দিয়েছিলেন। কালীঘাট তৃণমূলের তরফ থেকে বারবার দাবিও করা হয়েছে, ঋত শিবির থেকে অনেকেই ফেরত আসতে চাইছেন। এর আগে আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি, বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফ রহমান মমতা শিবিরে ফিরে এসেছেন। তাঁরা দাবি করেছিলেন, ভুল বুঝিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল।
গণতান্ত্রিক তৃণমূলের চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অবহিত ছিলাম না। নিশ্চয়ই শারীরিকভাবে অসুস্থ। যেটা বলেছেন, সেটাকেই সম্মান দেওয়া উচিত।”