
কলকাতা: গড়িয়ায় (Garia Crime News) সার্থক সরকারের (Sarthak Sarkar Death) মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফরদাবাদের এক বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। জানা গিয়েছে, ওই বাড়িটা আসলে সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসুর বাড়ি। বহুদিন ধরে প্রেমিকার বাড়ি যাতায়াত ছিল সার্থকের। রাতের বেলাও থাকতেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন প্রেমিকার সঙ্গে তাঁর বাড়িতেই পুজোর উদযাপন করার কথা ছিল। এমনকী, প্রেমিকার দিদার কাছে গোলারুটি খাওয়ারও আবদার করেছিলেন সার্থক। কিন্তুু তারপরেই এমন মর্মান্তিক পরিণতি, তাও আবার প্রেমিকের হাতে! ঠিক কী হয়েছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর বারাসতের বাসিন্দা সার্থক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গড়িয়ার ফরতাবাদের বাসিন্দা সঞ্চালিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাঁর। দু’জন লিভ-ইন সম্পর্কে ছিলেন। সঞ্চালিকার বাড়িতে মাঝেমধ্যেই রাত কাটাতেন সার্থক। শুধু প্রেমিকার সঙ্গেই নয়, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি হয়েছিল সার্থকের। পরিবারের তরফেও তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।
কিন্তু সেই সম্পর্কের আড়ালেই কি জমছিল অশান্তির মেঘ? দু’জনেরই মদ্যপান ও মাদক সেবনের অভ্যাস ছিল বলে জানা যাচ্ছে। নেশাকে কেন্দ্র করেই কি তাঁদের মধ্যে বাড়ছিল দূরত্ব? ঘটনার দিনও একসঙ্গে বাজি কিনে বাড়ি ফিরেছিলেন সার্থক ও সঞ্চালিকা। কালীপুজোর রাতে উদযাপনের পরিকল্পনা ছিল তাঁদের। এমনকী, দিদার কাছে গোলা রুটি খাওয়ার আবদারও করেছিলেন সার্থক। কিন্তু রাতের সেই আনন্দের পরিবেশই মুহূর্তে বদলে যায় ভয়াবহ ঘটনায়।
জানা গিয়েছে, ঘটনার রাতে ঘরের মধ্যে মদ্যপান করছিলেন সার্থক ও সঞ্চালিকা। সেই সময় কোনও একটি বিষয় নিয়ে সঞ্চালিকার সঙ্গে তাঁর মায়ের বিবাদ শুরু হয়। সেইসময় পরিস্থিতি সামাল দিতে গিয়েই কি বিপদ ডেকে আনেন সার্থক? অভিযোগ, সেই বচসার মধ্যেই গাঁজা কাটার কাঁচি দিয়ে সার্থকের ডান দিকের ঘাড়ে আঘাত করেন সঞ্চালিকা। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে তাঁর। যে সার্থককে পরিবারের সদস্যের মতো আপন করে নিয়েছিলেন প্রেমিকার দাদু-দিদা, সেই সার্থকের মৃত্যুর ঘটনায় এখন গ্রেফতার তাঁদেরই নাতনি।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ফ্ল্যাটের ভিতর থেকে চিৎকার ও বচসার আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে পৌঁছন। ফ্ল্যাটের ভিতরে গিয়ে তাঁরা সার্থককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।
এই ঘটনায় সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সার্থকের মৃত্যুর ঘটনায় সঞ্চালিকার মায়েরও ভূমিকা থাকতে পারে। তবে ঠিক কী কারণে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়েছিল, ঘটনার সময় সঞ্চালিকার মায়ের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন আধিকারিকরা।