
কলকাতা: তৈরি করা হয়েছে মঞ্চ। রয়েছে মাইক। বসে আছেন কয়েকজন। তাঁর নিজেদের সনাতনী হিন্দু বলে দাবি করছেন। ঠিক আলিমুদ্দিন স্ট্রিটে ঢোকার মুখেই চণ্ডীপাঠ করছেন তাঁরা। ‘রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার’ উদ্যোগে এই চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।
আলিমুদ্দিন স্ট্রিটে রয়েছে রাজ্য সিপিএম-এর সদর দফতর। রাস্তার একদিকে রয়েছে সেই অফিস আর অন্য দিকেই মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে মাইকে চণ্ডীপাঠ করা হচ্ছে। সিপিএম-এর যাতে শুভবুদ্ধির উদয় হয় সেই কারণেই এই চণ্ডীপাঠ সনাতনীরা করছেন বলে দাবি।
এক সদস্য বলেন, “যখন কেউ কোনও পাপ করে তখন সে জানে না পাপ করছে নাকি পুণ্য করছে। কারণ, তাদের মনে যে পাপ সঞ্চয় হয়েছে তা খণ্ডন করতে আমরা শ্রী শ্রী চণ্ডীর মহামন্ত্র মাইক বাজিয়ে তাদের কানের গোড়ায় করছি। এই চণ্ডীপাঠের মন্ত্র তাদের কানের ভিতর ঢুকবে, আমার বিশ্বাস তাঁরা তাঁদের পাপ থেকে মুক্ত হবে।”
এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ওদের প্রয়োজন মনে হয়েছে তাই করেছে। কার কী আসল-গেল। ওদের কাজ কম যদি থাকে, আর মনে হয় চণ্ডীপাঠ করাই একমাত্র কর্তব্য, এটা রাস্তার উপর করা যায়। কার কী এসে যায়? আমাদের কিছুই এসে যায় না। আর চণ্ডীপাঠ রোজ করা ভালো।” আরেক সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, “গোটা জেন জি বিজেপির কানে এমন মন্ত্র ভরে দিয়েছে যে বিজেপি বাস্তব আর স্বপ্নের ফারাক ভুলে গেছে। আর ধর্মাচরণ যে কেউ করতে পারেন। কিন্তু আলিমুদ্দিন বলে AJC বোস রোডে কেন করছে জানি না। আমাদের গেটে ধর্মবিদ্বেষী মানুষ বাদে সকলেই স্বাগত।”