
কলকাতা: দীর্ঘদিনের তৃণমূলের সাংসদ ছিলেন তিনি। এখনও সাংসদ কলকাতা দক্ষিণের। তবে দল বদলে গিয়েছেন NCPI–তে। সেই মালা রায়কে এবার শুনতে হল ‘চোর’ স্লোগান। টলিগঞ্জে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। নিজেদের বিজেপি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
কী ঘটেছে?
টলিগঞ্জে একটি পুকুরে ছট পুজোর ব্যবস্থা করা হয়েছে। তারই প্রস্তুতি দেখতে এসেছিলেন মালা রায়। যেখানে এই ছটপুজোর প্রস্তুতি চলছিল, সেখানে একটি চেয়ারে বসেন তিনি। সেই সময় একদল মহিলা নিজেদের বিজেপি বলে দাবি করছেন, তাঁরই ‘চোর’ স্লোগান তোলেন। বিক্ষোভকারীদের দাবি, মালা তাঁদের ঘর কেড়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে।
এক মহিলা বলেন, “আমায় মেরেছে লোক দিয়েছে। তারপর মেরে বের করে দিয়েছে। ঘর কেড়ে নিয়েছে।” আর এক বিক্ষোভকারী বলেন, “আমায় বলেছিল জেলে ঢোকাবে। পারেনি। আসলে উনি ঝামেলা করতেই এখানে এসেছেন। এমনি-এমনি এখানে আসেননি।” মালা নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি প্রায় ৩১ বছর ধরে আছি। এতদিন ধরে কোনও অভিযোগ এসেছে? কই এতদিন তো অভিযোগ করল না। তাহলে এখন যদি কেউ এসে বলে কী বলব? কে কী বলছে তাতে আমার ফোস্কা পড়ছে না। এখানে যা উন্নয়ন হয়েছে…মডেল ওয়ার্ড ছিল। এখন নতুন নতুন সমীকরণ হয়েছে।”