
কলকাতা: পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার, এবার নিখরচায় সোমনাথ দর্শনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ ‘সোমনাথ যাত্রা’-র আয়োজন করা হচ্ছে। গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে নিয়ে যাওয়া হবে রাজ্যের ভক্তদের।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাছাই করা প্রায় ১,০০০-এর বেশি ভক্তকে সম্পূর্ণ বিনামূল্যে সোমনাথ দর্শন করাবে রাজ্য সরকার। ভক্তদের যাতায়াত থেকে থাকা, খাওয়া এবং মন্দির দর্শন—সমস্ত খরচই বহন করবে রাজ্য সরকার।
আগামী ১২ সেপ্টেম্বর কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেনে শুরু হবে সোমনাথ যাত্রা। কলকাতা স্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই প্রায় হাজারের বেশি ভক্তকে নিয়ে গুজরাটের সোমনাথের উদ্দেশে রওনা দেবে বিশেষ ট্রেন।
পুজোর ঠিক আগে রাজ্যবাসীর জন্য এই বিশেষ ধর্মীয় ভ্রমণের উদ্যোগকে সামনে রেখে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি। প্রথমবার রাজ্যের উদ্যোগে নিখরচায় সোমনাথ দর্শন করানো হবে। আগামী ১২ সেপ্টেম্বর কলকাতা থেকেই শুরু হচ্ছে এই বিশেষ যাত্রা।