Weather Update Today: শীতে ‘কাঁটা’ বৃষ্টি! প্রেমের সপ্তাহের হাত ধরেই বঙ্গে এল গরম
Weather Update Today: বুধবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

কলকাতা: প্রেমের সপ্তাহ কাটতেই যেন বঙ্গ থেকে উবে গিয়েছে ঠান্ডা। শনির সকাল থেকে বঙ্গের আকাশে-বাতাসে গরম হাওয়া। বাড়ছে তাপ। আর সেই সবের মাঝেই ‘স্বস্তির’ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
জানা গিয়েছে, আগামী দু’দিন বঙ্গজুড়ে বইবে শুষ্ক হাওয়া। তার জেরে বাড়বে অস্বস্তি। গরমের তেজ একটু একটু টের পাবে সাধারণ। আর সেই অস্বস্তিকে ভিজিয়ে দিতেই সপ্তাহের শেষে আসবে ‘স্বস্তির’ বৃষ্টি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং এলাকায়। তবে এই দুই জেলা ছাড়া বঙ্গের আর কোনও এলাকায় বৃষ্টির সম্ভবনা আপাতত নেই।
বুধবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনা। পরের সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার ভিজতে পারে কলকাতা ও হাওড়ার বেশ কয়েকটি জেলাও।
তবে শীতের কী হাল? আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন দেখা যাবে না। সোমবার থেকে ৪ ডিগ্রি উঠতে পারে পারদ। তবে উত্তরবঙ্গের স্থিতি কিছুটা অন্যরকম। সেখানে দার্জিলিং ও আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকায় বাড়বে কুয়াশার পরিমাণ। হাওয়া অফিসের পূর্বাভাস, ২০০ মিটারের নীচে নেমে যেতে পারে দৃশ্যমানতা। তবে বৃষ্টির পর কিন্তু সম্ভবনা রয়েছে শীতের না ফেরার।

