
কলকাতা: আর কয়েকদিন, তারপরই স্বাধীনতা দিবস (Independence Day)। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। নেতাজির নামে হবে সেবা কেন্দ্র (sevakendra)। আর তা নিশ্চিত করতে হবে বিধায়কদের। পরিষ্কার জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন জানিয়েছেন, বিধায়কদের সুভাষচন্দ্র বসুর নামে সেবাকেন্দ্র চালু করতে হবে। বিধায়কদের ধুতি পাঞ্চাবি পরতে হবে। নেতাজির ছবি দেবে তথ্য সংস্কৃতি দফতর। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সেবা কেন্দ্র চালাতে অর্থের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আমার দুটো শর্ত বা প্রস্তাব আছে। অধ্যক্ষ এটা দেখে নেবেন। যে বিধায়করা সেবা কেন্দ্র চালু করবেন, সেটার নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র। আর তথ্য সংস্কৃতি দফতর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পাঠাব। এটা পালন করতে হবে। যাঁরা পালন করবেন না অর্থ পাবেন না। তিরিশ হাজার টাকা দেওয়া হবে। পরের অধিবেশন আমরা বিল আনব।”
ক্ষমতায় আসার পরই নতুন বিজেপি বিধায়কদের জন্য পাঠশালার আয়োজন করেছিল বিজেপি। সেখানে নেতৃত্বরা বেশ কিছু নিয়ম তৈরি করে দিয়েছিলেন। প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় খুলতে হবে কার্যালয় আর তার নাম দিতে হবে ‘সেবাকেন্দ্র’। এই সেবাকেন্দ্রেরই নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু। মূলত, এই সেবাকেন্দ্র গুলিতে এলাকার বাসিন্দারা এসে নিজেদের যাবতীয় অভাব-অভিযোগের কথা বলতে পারেন। একই সঙ্গে সেবাকেন্দ্রের মাধ্যমে বিধায়দের জনসংযোগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।