
কলকাতা: গত বছরের ডিসেম্বর মাসে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। তবে তাঁকে ভাল করে দেখার সুযোগ পাননি ভক্তরা। অভিযোগ উঠেছিল প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) বিরুদ্ধে। পছন্দের খেলোয়াড়কে দেখতে না পেয়ে টিকিটের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখান ভক্তরা। তাঁদের সেই টাকাই ফেরত পাইয়ে দিতে সাহায্য করবে বিজেপি সরকার (BJP)। আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
তিনি বলেন, “আমাদের রাজ্যে মেসির মতো খেলায় কেলেঙ্কারি হয়েছে। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা মেসির সমর্থক। তারা ছ’হাজার, চার হাজার, আট হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতারিত হয়েছে। ডেলিভারি বয়ের মতো ছেলেরাও সারা বছরের জমানো টাকা খরচ করে গিয়েছিল মেসিকে দেখতে। আমাদের ইচ্ছা আছে, ৩৩ হাজার প্রতারিত সমর্থকদের টাকা যাতে ফেরত দিতে পারি বা ফেরত করাতে পারি, সেই প্রক্রিয়াও ভেতরে ভেতরে চালাচ্ছি। আশা করি সেটা করতে পারব।”
শনিবার জাতীয় ক্রীড়া দিবসের এক অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ১৪৭ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। তখন তিনি প্রাক্তন সরকারকে দুষে অভিযোগ করেন পূর্ববর্তী আমলে বাংলার খেলার জগত কার্যত ভেঙে পড়েছিল। তিনি বলেন, “অলিম্পিক্স, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে বাংলার প্রতিনিধি কার্যত শূন্য। পাশের রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডও প্রতিনিধি পাঠাচ্ছে। বাংলায় তা হলে কী নেই? আসলে বাংলা পিছিয়ে পড়েছে অনুপ্রেরণা, সহযোগিতা এবং সঠিক পরিকাঠামোর অভাবে।” এই সবের মধ্যেই বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে মেসি (leonel Messi) কাণ্ডের কথা উল্লেখ করেন মুখ্য়মন্ত্রী।