CM Suvendu Adhikari: ‘পরিবেশ ছিল না, তবুও শিবরাজ সিং চৌহানকে দুটো কথা জানিয়ে এসেছি’, ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার ভাবনা শুভেন্দুর

CM Suvendu Adhikari: কেন্দ্র সরকারের নতুন কর্মসংস্থান প্রকল্প নিয়ে ইতিবাচক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, খুব শীঘ্রই নির্দিষ্ট সময়ের মধ্যে ২২ কোটির টার্গেট শেষ করা সম্ভব হবে। যে টার্গেট কেন্দ্রের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল। 

CM Suvendu Adhikari: পরিবেশ ছিল না, তবুও শিবরাজ সিং চৌহানকে দুটো কথা জানিয়ে এসেছি, ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার ভাবনা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

Nov 13, 2026 | 1:46 PM

কলকাতা:  কেন্দ্রীয় সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’ বা ‘ভিবি-জি রাম জি’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে তিনি সওয়াল করে এসেছেন বলে নবান্নের সভাঘর থেকে বললেন তিনি। নির্দিষ্ট সময়ের আগেই এই প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তবে সেটি ছিল একেবারেই একটি ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান। আবাসের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের  সূচনায় নবান্নের সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মাননীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে গিয়েছিলাম। যদিও  সেটা বলার মতো পরিবেশ ছিল না, তবুও দুটো কথা বলে এসেছি।”

 কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে বাংলার গ্রামীণ কর্মসংস্থান ও শ্রমিকদের নায্য অধিকারের বিষয়টি তুলে ধরেন। শুভেন্দু বলেন, “আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়ে এসেছি, বাংলার মাটিতে যারা ‘আনস্কিলড জব’-এর সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা হোক।”

পাশাপাশি, কেন্দ্র সরকারের নতুন কর্মসংস্থান প্রকল্প নিয়ে ইতিবাচক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, খুব শীঘ্রই নির্দিষ্ট সময়ের মধ্যে ২২ কোটির টার্গেট শেষ করা সম্ভব হবে। যে টার্গেট কেন্দ্রের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল।  তাঁর দাবি, বর্তমানে প্রতিদিন ১০ লক্ষ করে কর্মদিবস বা ম্যান্ডেট তৈরি হচ্ছে। গত ৫-৭ দিনের মধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ ম্যান্ডেট তৈরি হয়ে গিয়েছে, যা একটি ‘গ্রেট অ্যাচিভমেন্ট’ বা বিরাট সাফল্য বলেই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, পূর্বের মনরেগা (MGNREGA) বা ১০০ দিনের কাজের প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে ‘ভিবি-জি রাম জি’ বা ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’। এই নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে গ্রামীণ পরিবারগুলিকে বছরে ১২৫ দিন কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়। পাশাপাশি দৈনিক ন্যূনতম মজুরি প্রায় ৩০০ টাকা ধার্য করা হয়েছে। সেই ন্যূনতম মজুরিই বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বরাদ্দের অনুপাত হল ৬০:৪০। অর্থাৎ  উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কেন্দ্রের ৮,৫০৮ কোটি এবং রাজ্যের ৫,৬৭২ কোটি টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী, কাজের জন্য আবেদন করার ১৫ দিনের মধ্যে কাজ দিতে না পারলে বেকার ভাতা দেওয়ারও সংস্থান রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, নতুন এই কেন্দ্রীয় প্রকল্পের হাত ধরে গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে এবং দ্রুত লক্ষ্যমাত্রাও পূরণ হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us