
কলকাতা: বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের। পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর রবিবারই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মৃতার পরিবারের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ওই ঘটনায় কড়া বার্তা দিলেন তিনি। ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে রবিবার ওই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিক্ষোভ চলেছে, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, তা নিয়েও সরকার কড়া ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছেন শুভেন্দু।
এক নাবালিকাকে খুনের অভিযোগে রবিবার উত্তপ্ত হয়েও ওঠে বারুইপুর। দেহ আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পরপর পুলিশের গাড়িতে ভাঙচুরও চালানো হয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফোন যাওয়ার পর বিক্ষোভ উঠে যায়। রাতেই হয় ময়নাতদন্ত।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “জঘন্যতম ঘটনা। ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। আইজি-র নেতৃত্বে এসটিএফ কাজ করছে। পরিবার যা চেয়েছে, তা করার ব্যবস্থা করছে সরকার। ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়া হবে।”
তবে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ, তা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। কাউকে রেয়াত করা হবে না বলে বার্তা দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “সম্ভবত, মব লিঞ্চিং-এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল আছে। রেললাইন যেভাবে উপড়ে দেওয়া হয়েছে, তাতে ইতিহাস মনে পড়ে যাচ্ছে। সিএএ বা ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় এমনটা হয়েছিল। সিআরপিএফ জওয়ান আহত হয়েছে।”
বারুইপুরের ঘটনায় কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাকি তিনটে বিষয়ে যারা যুক্ত, যারা ভোটে হেরে ঘরে ঢুকে গিয়েছিল। তাদেরকেও ভুগতে হবে। এমন ভোগাব বুঝতে পারবে।”
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও ওই ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি বলেন, “ঘটনাটি জঘন্যতম।” জাত-ধর্ম না দেখেই শাস্তি দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। অগ্নিমিত্রার কথায়, “কাউকে ছাড়া হবে না। এটা আগের সরকার নয়। আমরা একইভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছি।” কবে বারুইপুরে যাবেন, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন তিনি।