
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ ভাঙার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি মমতার বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ারও বার্তা দিয়েছেন তিনি।
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা ছিল তৃণমূলের। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীঘাট-তৃণমূলের সভা হয় ক্যাথিড্রাল রোডে। সেই সভা করার ক্ষেত্রে শর্ত দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেই অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নীচে থাকা লোকদের ডেকে এনে রাস্তা বন্ধ করে দিলেন। এফআইআর করার নির্দেশ দিয়েছি, ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করার কথাও বলেছি।”
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে তৃণমূলের দুই গোষ্ঠীই আদালতে আবেদন জানিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে রানি রাসমনি রোডে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটা দিকে সভা করার অনুমতি দেওয়া হয়।
হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫০০ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে, ক্যাথিড্রাল রোড ও রানি রাসমনি রোডের একটা করে দিক খুলে রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল।