
কলকাতা: গত কয়েক বছরে ‘কাটমানি’ শব্দটার সঙ্গে সাধারণ মানুষ কার্যত পরিচিত হয়ে গিয়েছে। আবাস যোজনার টাকা পেতে কাটমানি, স্বাস্থ্যসাথী পেতে কাটমানি দিতে হয়, এমন অভিযোগ সামনে এনেছেন অনেকেই। সরকার বদলের পর সেই সব অভিযোগের ইতি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তেমনই আশ্বাস দিয়েছেন। আজ, শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু বুঝিয়ে দিলেন, কাটমানির প্রমাণ দিতে পারলেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কোনও স্কিম পেতে গিয়ে কাউকে যদি কাটমানি দিতে হয়, তাহলে কয়েকটি ডকুমেন্ট দেখালেই ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল ডকুমেন্ট হিসেবে পেটিএমের ট্রানজাকশন আর অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রমাণ দেখাতে পারলেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। এই নথিগুলি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নথি হিসেবে বিবেচিত হবে।”
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, এই দুই নথি না থাকলে অভিযোগ জানাতে হবে। তদন্ত করে দেখা হবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে কেস বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে শুভেন্দু এ ব্যাপারে সতর্ক করেছেন যে বারবার মিথ্যা অভিযোগ জমা পড়লে, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অটো, টোটো, হকারদের কাছ থেকে কোনও টাকা তুলবেন না বলেও এদিন কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “বৈধ রসিদ ছাড়া টাকা তুলবেন না। কেউ টাকা চাইলে সোজা থানায় চলে যাবেন।”