CM Suvendu Adhikari: আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা

CM Suvendu Adhikari suspends senior Kolkata Police officers: সাসপেন্ড করা হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, “মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। দুই পুলিশ অফিসার তিলোত্তমার মা-কে টাকা দিতে গিয়েছিলেন।”

CM Suvendu Adhikari: আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা
সাসপেন্ড তিন আইপিএস Image Credit source: TV 9 Bangla

May 15, 2026 | 3:19 PM

কলকাতা: ফের খুলল আরজি কর ফাইল। বদলের বাংলায় ফের আরও এক কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। তিলোত্তমা খুন-ধর্ষণ মামলায় বড় সিদ্ধান্ত সরকারের। সাসপেন্ড ৩ আইপিএস। নজরে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সহ আরও দুই হেভিওয়েট সিনিয়র অফিসার। সাসপেন্ড করা হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, “মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। পুলিশ অফিসাররা তিলোত্তমার মা-কে টাকা দিতে গিয়েছিলেন। নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগে আমরা এই তিনজনকে সাসপেন্ড করছি।” 

শুভেন্দু আরও বলছেন, “যখন বিভাগীয় তদন্ত হবে তখন যাঁদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি তাঁদের বক্তব্যও নেব, অন্যদিকে নির্যাতিতার পরিবার যদি চায় তাহলে তাদের বাড়িতে গিয়েও তাঁদের বক্তব্য আমাদের অফিসাররা নিয়ে আসবে।” এখানেই না থেমে এবার একেবারে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে বলেন, “ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে সঙ্গে কাদের কাদের কথা হয়েছে। সেই সময়ের কোনও মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ ছিল কিনা সেটা দেখা হবে। সব বের করব।”   

তিলোত্তমার মা বলছেন, “আমার মেয়ের সঙ্গে যা হয়েছিল তা হওয়ার কথাই ছিল না। ও একটা সুরক্ষিত জায়গায় ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্যই আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি। নতুন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি আবার ফাইল খোলার জন্য। বিচার খুব তাড়াতাড়ি আসবে। গোটা বিশ্বের মানুষ এর বিচার চায়। সবার চাওয়া কখনও বিফলে যাবে না। বিচার আসবেই।” মেয়ের স্মৃতিচারণা করতে করতে ফের একবার গলা ধরে আসে তাঁর। বলেন, “যেদিন রাত দখল হয়েছিল সেদিন সব জাতি-ধর্ম-বর্ণের মানুষ শুধু উই ওয়ান্ট জাস্টিস বলেছিল। সেদিন টিভিতে আমাকে দেখানো হয়েছিল আমি তখন মেয়ের ছবিটা জড়িয়ে ধরে বলেছিলাম তোর যে এত শক্তি যে তুই সাড়া বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেলি।”  

 

Follow Us