
কলকাতা: স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম-এর বৈঠকে মূলত ‘দালালরাজ’ নির্মূল করা এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। বৈঠকে যে বিষয়গুলোর ওপর নজর দেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম বেড ম্যানেজমেন্ট ও সেন্ট্রাল মনিটরিং।
আগামী ৩১শে মে-র মধ্যে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য সচিত্র রঙিন পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে হাসপাতালে বহিরাগত বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহজ হবে।
হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তা মোকাবিলায় মুখ্যমন্ত্রী সেন্ট্রাল মনিটরিং সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন। রাজ্য, জেলা এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালের বেড সংক্রান্ত সমস্ত তথ্য একটি কেন্দ্রীয় পোর্টালে থাকবে।
রিয়েল টাইম ভ্যাক্যান্ট বেড ডিসপ্লে
হাসপাতালে কোথায় কয়টি বেড খালি আছে, তা সাধারণ মানুষ সরাসরি দেখতে পাবেন। এই পুরো ব্যবস্থার ওপর মুখ্যমন্ত্রী নিজে নজরদারি চালাবেন।
বেড বৃদ্ধি: এসএসকেএম-সহ রাজ্যের বড় সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স ট্র্যাকিং: সরকারি ও বেসরকারি—সব ধরণের অ্যাম্বুলেন্সে জিপিএস (GPS) লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।
যৌথ উদ্যোগ: কেন্দ্রীয় সরকারি হাসপাতালের সঙ্গে বেড নিয়ে চুক্তি করবে রাজ্য। এমনকি বেসরকারি হাসপাতালের বেড পরিস্থিতির ওপরও নজর রাখবে সরকার।
রাজ্যের স্বাস্থ্যবিভাগের অব্যবস্থা দূর করতে কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।