
কলকাতা: সম্প্রতি কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে আইনি পথে হাঁটার বার্তা দিয়ে একটি পোস্ট করেন কাউন্সিলর জুঁই বিশ্বাস। সেখানে স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা বলেন। কতদিন ধরে তাঁরা আলাদা থাকেন, সে কথাও উল্লেখ করেন। আর এবার পাল্টা পোস্ট স্বরূপের। মানসিক যন্ত্রণার কথা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার একটি দীর্ঘ পোস্টে বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন তিনি। স্বরূপ জানিয়েছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাঁকে। অপেক্ষা করে ফিরে আসতে হয় বলে জানিয়েছেন তিনি। জুঁই কেন তাঁর পোস্টে তাঁকে হুলিগান বলেছেন, সেই প্রশ্নও তুলেছেন স্বরূপ।
এদিন রীতিমতো আবেগঘন পোস্ট করেছেন একসময় টলিপাড়ার প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তিনি জানান, গত রবিবার আদালতের নির্দেশ অনুযায়ী, কোর্ট কমিশনারের উপস্থিতিতে একটি শপিং মলে ছোট মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হবেন তিনি।
ওই ঘটনার কথা উল্লেখ করে স্বরূপ লিখেছেন, “একজন বাবার কাছে নিজের সন্তানের সঙ্গে দেখা করার অপেক্ষা কতটা কষ্টের, তা যাঁরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাননি, তাঁদের পক্ষে হয়তো উপলব্ধি করা কঠিন।” তিনি আরও লিখেছেন, “সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার যন্ত্রণা, নিজের বক্তব্য তুলে ধরতে না পারার অসহায়তা এবং আইনি পথে নিজের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই। পুরুষেরও কষ্ট হয়। পুরুষেরও চোখে জল আসে। পুরুষও অন্যায়ের শিকার হতে পারেন। কিন্তু অনেক সময় সমাজ পুরুষের যন্ত্রণাকে গুরুত্ব দিতে চায় না।”
দাম্পত্য় সমস্যা যেন সন্তানদের উপর কোনও প্রভাব না ফেলে, সেই আর্জি জানিয়েছেন স্বরূপ। পাশাপাশি, জুঁই বিশ্বাসের বিচ্ছেদের মামলার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন ওই পোস্টে। উল্লেখ্য, সম্প্রতি জুঁই তাঁর পোস্টে জানান, ২০১৯ সাল থেকে আলাদা থাকেন তিনি আর ২০২৫ থেকে থাকেন আলাদা ঠিকানায়।তাই স্বরূপের সঙ্গে তাঁকে জড়িয়ে যাতে কোনও কথা না হয়, সেই আর্জি জানিয়েছিলেন কাউন্সিলর।