
কলকাতা: টলিউডের পাশাপাশি ময়দানেও স্বরূপের দাদাগিরি! দাদার নাম ভাঙিয়ে চলত চোখরাঙানি! রাজ্য গেমসে আর্থিক তছরূপের অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে! গত বছর রাজ্য গেমসের চেয়ারম্যান করা হয় স্বরূপ বিশ্বাসকে। মালদহে রাজ্য গেমস চলার সময় অ্যাথলিটদের থাকা এবং খাওয়ার মান নিয়ে ওঠে প্রশ্নে। স্থানীয় একটি স্কুলে কোনওমতে গাদাগাদি করে থাকে অ্যাথলিটরা। এমনকি খাবারের পাতেও দেওয়া হয় ভাত আর ডাটা চচ্চরি। ছিল না কোনও প্রোটিনজাতীয় খাবার। চারবেলার পরিবর্তে দু’বেলা খাবারের বন্দোবস্ত করা হয় অ্যাথলিটদের জন্য। রাজ্য গেমসের জন্য পূর্বতন রাজ্য সরকার আলাদা বাজেট নির্ধারিত করলেও ধরা পড়ে চূড়ান্ত অব্যবস্থার ছবি। দাদার ক্ষমতাবলে রাজ্য গেমসের চেয়ারম্যান হন ভাই স্বরূপ। তা নিয়ে পালাবদলের পর এবার সুর চড়াচ্ছেন ক্রীড়া-কর্তারা।
উঃ২৪ পরগণা জেলা ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্যের দাবি, শুধুমাত্র জার্সি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। জঘন্য পরিষেবা ছিল খেলোয়াড়দের জন্য। তিনি বলছেন, “আমি ব্যবস্থাপনা নিয়ে মুখ খোলায় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে বলেছিল, তোর খুব ডায়লগ হয়ে গেছে। ডায়লগ দিতে শিখেছিস।”
বিওএ-র সচিব জহর দাস বলছেন, “প্রতি বছর স্টেট গেমসে রাজ্য সরকারের দেওয়া অনুদান থেকে কিছু অর্থ বাঁচে। এবারে তো উল্টে আমাদের সাড়ে ৭ লাখ টাকা দিতে হয়। এরকম স্টেট গেমস দেখিনি। চূড়ান্ত অব্যবস্থা। মালদার ডিএসএ-র কর্মকর্তাদের সঙ্গে স্বরূপের কোনও আর্থিক লেনদেন ছিল কিনা জানি না।” যদিও নতুন সরকারের যে সবদিকেই নজর রয়েছে তা পরিষ্কার নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের কথাতেই। তাঁর সাফ কথা, “যারা যেমন কর্ম করেছে তার ফল ভোগ করছে। বিওএ-র অ্যাকাউন্টস অডিট হবে। কান টানলে মাথা আসে।”