
কলকাতা: কয়েক’শ কোটির সম্পত্তির কোনও হিসেব দেননি দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সী। এমন অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ছিল খুন, তোলাবাজির মতো সাংঘাতিক সব অভিযোগ। এবার সেই অভিযোগে বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
থানায় অভিযোগ দায়ের হওয়ার পর দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রথমে রক্ষাকবচ দেওয়া হলেও পরে সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফের আদালতে যান তাঁরা। অদিতিকে রক্ষাকবচ দেওয়া হলেও, ছাড় পাননি দেবরাজ। রক্ষাকবচ চলে যাওয়ার ১ সপ্তাহের মধ্যেই গ্রেফতার করা হল দেবরাজকে।
পুলিশ সূত্রে খবর, বিধাননগর থানার এফআইআরের ভিত্তিতে দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাগুইআটি থানাতেও আরও এফআইআর করা হয়েছে। তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও হলফনামায় তা উল্লেখ করেননি অদিতি মুন্সী, এমন অভিযোগ ওঠে। এছাড়াও একাধিক বেআইনি কাজের অভিযোগ ছিল।
অন্যতম অভিযোগকারী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “একজন কাউন্সিলরের ১৩০০ কোটির সম্পত্তি আছে। যা আমি খুঁজে পেয়েছি। এর বাইরেও সম্পত্তি আছে। অভিষেকের রাইট হ্যান্ড ছিল। কয়লা পাচারে যুক্ত ছিল। ওর গ্রেফতার হওয়া ছিল সময়ের অপেক্ষা।”