
কলকাতা: তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন বন্ধ। ইতিমধ্যেই জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অ্যাকাউন্ট খোলাতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা করার অনুমতি দিয়েছেন। আইনজীবী কিশোর দত্ত এদিন আদালতে জানিয়েছেন, একটি ভুয়ো অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট। আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। মামলাটি দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের মোট ৪৪০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা বেসরকারি ব্যাঙ্কে চিঠি দেয়। ওই তিনটি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, কাটমানি থাকার সন্দেহ করা হচ্ছে। আর তার ভিত্তিতেই তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট তিনটি ফ্রিজ করার আবেদন জানানো হয়। ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করায়, সেখান থেকে আর কোনও টাকা তোলা যাবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের অ্য়াকাউন্টে টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানে দিল্লি যাত্রার খরচ নিয়েও। এরপরই দেখা যায়, রাতে জয়নগর থানার বিধায়ক অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অ্য়াকাউন্ট ফ্রিজ। এবার অ্যাকাউন্টটি খোলার আবেদন জানিয়ে হাইকোর্টে তৃণমূল।
পাশাপাশি এদিন আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, মদন মিত্র, সৌগত রায়-সহ বিরোধী দলের নেতা নেতৃত্বের উপর আক্রমণ, ডিম-বর্ষণের বিষয়টি উল্লেখ করা হয়। বিরোধী রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর চালানোর বিষয়টিও উল্লেখ করা হয়।
এই সমস্ত অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী দানিস ফারুক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যয়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।