Calcutta High Court: তাড়াতাড়ি বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্টকে তাড়া দিতেই খেলেন জোর ধাক্কা

Abhishek Banerjee Foreign Treatment Petition: অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় বিদেশে যেতে চাইছেন, সেইসময় তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নাম ও প্রতীক চলে যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Calcutta High Court: তাড়াতাড়ি বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্টকে তাড়া দিতেই খেলেন জোর ধাক্কা
হাইকোর্টে কী আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 24, 2026 | 11:47 AM

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। এর জন্য গতকাল কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর আবেদনের দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক। দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টে ধাক্কা খেলেন। বিচারপতি তাঁর দ্রুত শুনানির আবেদন ফেরালেন।

চোখের চিকিৎসা করাতে এক সপ্তাহের জন্য বিদেশ যেতে চান অভিষেক। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন হাইকোর্টে এসে অভিষেকের আইনজীবী বিচারপতির কাছে আর্জি জানান, তাঁর মক্কেলের আবেদনের যেন দ্রুত শুনানি করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। দ্রুত শুনানি হবে না।

প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য এর আগেও একাধিকবার বিদেশ গিয়েছেন অভিষেক। ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসা করিয়েছেন। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর।

তবে এবার তাঁর বিদেশ যাওয়ার সময় নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নাম ও প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহী শিবিরে চলে যাবে কি না, এই নিয়ে জল্পনা বাড়ছে। আবার বিধায়কদের সই জালকাণ্ডে অভিষেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

আবার  DJ হুমকি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর পরীক্ষা হবে। নমুনা নেওয়ার জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। এই পরিস্থিতিতে তাঁর বিদেশ যাত্রার আবেদন নিয়ে হাইকোর্ট কী বলে, সেটাই এখন দেখার।

Follow Us