Tangra Case: ‘কাকা বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে, মরার ভান করে পড়েছিলাম’, ট্যাংরাকাণ্ডে বিস্ফোরক বয়ান কিশোরের

Tangra Case: নাবালকের দাবি, বোনের মতো তাকেও পায়েস খায়ানো হয়েছিল। কিন্তু যোগ ব্যয়ম এবং জিম করার ফলে কিছুই হয়নি তার। নাবালক বলছে, “কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম।”

Tangra Case: ‘কাকা বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে, মরার ভান করে পড়েছিলাম’, ট্যাংরাকাণ্ডে বিস্ফোরক বয়ান কিশোরের
বিস্ফোরক বয়ান নাবালকের Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 27, 2025 | 4:05 PM

কলকাতা: বুদ্ধি খাটিয়ে কোনওমতে প্রাণরক্ষা! ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর বয়ান প্রসূন দে-র ছেলের। পায়েসে মেশানো ঘুমের ওষুধে কিছুই হয়নি তার। “কাকা বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে। শ্বাস আটকে মরার ভান করেছিলাম।” সূত্রের খবর, শিশু সুরক্ষা কমিশনার প্রতিনিধিদের সামনে ট্যাংরা কাণ্ডে এমনই চাঞ্চল্যকর বয়ান দিয়েছে নাবালক। তাতেই নতুন করে চাপানউতোর শুরু। ঘটনা সামনে আসার পর থেকেই ট্যাংরার দে পরিবার নিয়ে রহস্যের জট আরও পাকিয়েছে। আত্মহত্যা না খুন তা বুঝতে শুরু থেকেই রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই দুধ থেকে জল অনেকটাই আলাদা হয়ে যায়। এবার নাবালকের বয়ানে নতুন করে শোরগোল। 

নাবালকের দাবি, বোনের মতো তাকেও পায়েস খায়ানো হয়েছিল। কিন্তু যোগ ব্যয়ম এবং জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধে কিছুই হয়নি তার। নাবালক  বলছে, “কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি। তারপরই কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়।” এখানেই শেষ নয়। অভিশপ্ত দিনের ঘটনাক্রমেরও বর্ণনা দিয়েছে ওই কিশোর। তাঁর কথায়, “আমি দোতলায় উঠে দেখি মা, কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে। তাদেরও খুন করা হয়।” 

প্রসঙ্গত, ট্যাংরাকাণ্ডে তদন্ত যত এগিয়েছে ততই উঠে এসেছে নতুন নতুন তথ্য। কোটি কোটি টাকা ঋণের বোঝাই যে শেষ পর্যন্ত দে পরিবারকে চরম সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দেয় সেই তথ্যও বারেবারে উঠে এসেছে। এবার নাবালকের কথাতেও তাতেই সিলমোহর। নাবালক বলছে, “বাবা ঘটনার দু’দিন আগে বলেছিল, এবার পাওনাদাররা ধাওয়া করবে। মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই বলেছিল বাবা-কাকা।” তার দাবি, ঘটনার আগে বড়দের একটা মিটিং হয়েছিল বাড়িতে। তবে তাকে ঘরে থাকতে দেওয়া হয়নি। তার কথায়, “বাবা কাকার ব্যবসা একেবারে লাটে উঠেছিল। আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়। আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনো রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম।”

এদিকে সূত্রের খবর, শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে চায় না। তাঁরা কোনও একজন আত্মীয়ের কাছেই তাকে রাখতে চায়। জানা যাচ্ছে, প্রসূনের শ্বশুর শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় কমিশন। এদিনই তাঁদের সঙ্গে কথা হতে পারে বলেও জানা যাচ্ছে। সে ক্ষেত্রে সরকারি স্কিমে নাবালক সাবালক হওয়া পর্যন্ত মাসে মাসে প্রসূনের শ্বশুর শাশুড়ি মাসোহারা পাবেন। কিন্তু, তারা দায়িত্ব নিতে না চাইলেও অন্য পন্থাও ভাবছে কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই অন্য একটি পরিবার এই কিশোরের দায়িত্ব নিতে রাজি। তাই আপাতত সব বিকল্প খোলা রেখেই হাঁটতে চাইছেন কমিশনের কর্তারা। 

Loading...
Unable to load recommendations.
Follow Us