
কলকাতা: ৩৬ টি মামলা। ৬টা খুনের মামলা। শান্তিনিকেতনের লায়েক বাজারে কনস্টেবল পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বার করল পুলিশ। তারপরও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা। আর তাতেই এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। কীভাবে কোন পরিস্থিতিতে এনকাউন্টার করা হল রতন শেখকে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের কাছ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াতে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই টিমে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। শুক্রবার বিশ্বজিতকে গুলি করার পর থেকে অধরা ছিল রতনা। তার খোঁজে এলাকায় চলছিল চিরুনি তল্লাশি। নানুরে রতনের খোঁজ মেলে। তাকে আটক করা হয়। রতন যে বন্দুক থেকে গুলি চালিয়েছিল, সেই বন্দুকের খোঁজ করে পুলিশ। জেরায় রতন জানিয়েছিল, নানুরে উচকরণ ইটভাটায় লুকানো রয়েছে সেই বন্দুক। সেই বন্দুকের খোঁজ করার নামেই সেখানে পুলিশকে সঙ্গে করে নিয়ে যায় রতন। তারপর সেখানে লুকানো বন্দুক বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে রতন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ হয় রতন। প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “গুলি যদি বুকে লাগত, তাহলে কনস্টেবলের মৃত্যু হত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডেড ৩৬ টি মামলা রয়েছে। তার মধ্যে খুন রয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ রয়েছে। ৬টা খুনের মামলা রয়েছে। ৭ নম্বর খুন করতে উদ্যত হয়েছিল। দুর্ধর্ষ আসামী।”
খবর শোনার পর মুখ্যমন্ত্রী বললেন, “পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। বিশ্বজিৎকে যখন গুলি করেছিল, বিশ্বজিতের উচিত ছিল। বিশ্বজিৎ হয়তো সে সময়ে পারেনি, কিংবা সময় দেয়নি। পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?”