
কলকাতা: রাজ্যে সরকার বদল হতেই আসছে উন্নয়নের জোয়ার। কলকাতার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জানালেন, কলকাতা ওয়াটার মেট্রো(Kolkata Water Metro)-তে যুক্ত হতে চলেছে। আজকের বৈঠকেই এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur), এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ভারত সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হচ্ছে কলকাতা”।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সাগরমালা ১-এ বিগত রাজ্য সরকার যুক্ত হয়নি। তার খেশারদ বাংলাকে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি তৈরি করতে বলা হয়েছিল, তাও তৈরি করা হয়নি। তবে এবার খুব খুশির খবর পেয়েছি আমরা গতকালই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনে সাগরমালা -২ দেশে অনুমোদিত হয়েছে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাগরমালার প্রপোজাল আমরা তৈরি করব এবং ২২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবনা রেডি করব আগামী পাঁচ বছরের জন্য।
এই অর্থবর্ষেও বেশ কিছু প্রকল্পের কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে বন্দর সংযুক্তিকরণ (Port Connectivity), কোস্টাল শিপিং, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট ও কোস্টাল ফিশিং ইনফ্রাস্টাকচার রয়েছে।সাগর কাকদ্বীপ, নামখানা থেকে শুরু করে খেজুরির তালপাটি থেকে ওড়িশার সীমান্তে উদয়পুর পর্যন্ত মৎসজীবীরা যে কষ্টে রয়েছেন, উপকূলীয় মৎস উন্নয়নের মাধ্যমে তাদের উন্নয়ন করা হবে। ঝড়খালি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বকখালি, সন্দেশখালি, গোসাবা, বাসন্তী- যতগুলি উপকূলীয় এলাকার উন্নয়ন করা হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গতকাল প্রশাসনিক রিভিউ মিটিংয়ে কলকাতার মেয়রও তুলেছিলেন, অনেক বিধায়কও তুলেছিলেন হুগলি নদীতে আন্ডার টানেল। এটা মূলত জাতীয় সড়ক বিভাগের কাজ, তবে কলকাতা পোর্ট ট্রাস্ট ও শিপিং ডিপার্টমেন্ট অনুমতি দিতে রাজি হয়েছে। ৪৪টি নতুন জেটি তৈরি হবে। তার এনওসি শ্য়ামা প্রসাদ পোর্ট ট্রাস্টের কাছে আটকে ছিল, ৪১টি এনওসি দেওয়া হয়েছে। বাকিগুলি আন্ডার প্রসেস আছে। সমুদ্র সৈকত পুনর্গঠন নিয়েও আমাদের যে অনুরোধ ছিল, তাও জাহাজ মন্ত্রক মেনে নিয়েছে। কপিল মুনির মেলাকে আন্তর্জাতিক স্তরের মেলা বানানোর পরিকল্পনা শুরু করলাম। এখানে ড্রেজিং শুরু হবে। বলাগড়ে সড়ক উন্নয়নে কাজ শুরু হয়েছে।”