
কলকাতা: বিএসএফ-কে (BSF) জমি দেওয়া নিয়ে একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শানিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অধিবেশন চলাকালীন ফের একবার সেই নিয়ে বক্তব্য় রাখেন তিনি। আক্রমণ শানান মমতাকে। একই সঙ্গে শুভেন্দু হিসাব দেন কত সংখ্যক অনুপ্রবেশকারী বাংলা ছেড়ে বেরিয়ে গেছেন।
শুভেন্দু অধিকারী প্রথমে বলেন, “আপনাদের কেউ কেউ বলেছে SIR। কারা অনুপ্রবেশকারী সব দেখা গেছে। ভারত সরকারের আইন কার্যকর করেছি। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারব না। কোনও ভারতীয়র দুঃশিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন। এখনও অবধি ১০ হাজার বের করেছি। ১২ টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছি। রোজ ওপারে পাঠাচ্ছি।”
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “কেন BSF-কে জমি দেওয়া হয়নি? কথায়-কথায় বিএসএফকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। জমি দিয়ে নিন্দা করতে পারতেন।”
এ দিন, শুভেন্দু অধিকারী সুরক্ষার প্রসঙ্গ তোলেন। পরিষ্কার বুঝিয়ে দেন দেশের নিরাপত্তার স্বার্থে কোনও রকম ঝুঁকি তাঁরা নেবেন না। এখানে উল্লেখ্য, দক্ষিণবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২২১৭ কিলোমিটার, যা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত। এই সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ চলছে, তবে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে কাজে বিলম্ব হচ্ছিল। এখন পর্যন্ত ১৬৪৮ কিলোমিটার সীমান্তে কাঁটাতার লাগানো হয়েছে। ভারত–বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য পশ্চিমবঙ্গে ২২১৬.৭ কিমি। এর মধ্যে এখনও ৫৬৯ কিমি বেড়াহীন। এর মধ্যেই কেন্দ্র ইতিমধ্যে ১৮১ কিমি জমির জন্য টাকা ছেড়ে দিয়েছে, অথচ রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করতে অস্বীকার করেছিল। সীমান্তরক্ষী বাহিনীকে ১০৫ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।