CM Suvendu Adhikari: আকভানে পথে বসেছেন বাংলার চাষিরা! দুঃসময়ে তাঁদের জন্য বড় ঘোষণা ‘কৃষকবন্ধু’ শুভেন্দু সরকারের

CM On Bengal crop compensation : ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে মুখ্য়মন্ত্রী জানান, পাকা আমন ধান কাটার মুখে এই অতিবর্ষণ হওয়ায় জল জমে থাকলে আগামী তিন দিনের মধ্যে ধান পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমন ধানসহ কলা, পেঁপে, সরিষা, মুসুর, আলুর বীজ, শাকসবজি, পানের বোরজ ও ফুলের ক্ষতি হয়েছে।

CM Suvendu Adhikari: আকভানে পথে বসেছেন বাংলার চাষিরা! দুঃসময়ে তাঁদের জন্য বড় ঘোষণা কৃষকবন্ধু শুভেন্দু সরকারের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 22, 2026 | 7:28 PM

কলকাতা: আকভানের পরোক্ষ প্রভাবে রাজ্যে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। এই পরিস্থিতি কৃষকদের জন্য ব্যাপক ক্ষতিপূরণের পাশাপাশি এক গুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নর সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ইতিমধ্যেই বিডিওদের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং আজ মূলত প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি আরও খতিয়ে দেখতে তিন জন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমাদের সরকার কৃষকবন্ধু সরকার।”

ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে মুখ্য়মন্ত্রী জানান, পাকা আমন ধান কাটার মুখে এই অতিবর্ষণ হওয়ায় জল জমে থাকলে আগামী তিন দিনের মধ্যে ধান পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমন ধানসহ কলা, পেঁপে, সরিষা, মুসুর, আলুর বীজ, শাকসবজি, পানের বোরজ ও ফুলের ক্ষতি হয়েছে। কলা ও পেঁপে মিলিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার হেক্টর এবং আমন ধানের ক্ষেত্রে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৪ হেক্টর জমিতে সর্বাধিক ক্ষতি হয়েছে। হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিপূরণ ও সহায়তার খুঁটিনাটি:

  • মোট ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিপূরণ পাবেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে।

  • হেক্টর প্রতি ১৭ হাজার টাকা এবং এক ডেসিমিল বাগানের ক্ষেত্রে ২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃষ্টি নির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮৫০০ টাকা ও এক ডেসিমিলে ১০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বহুবর্ষজীবীর ক্ষেত্রে হেক্টর প্রতি ২২,৫০০ টাকা এবং এক ডেসিমিলে ২৫০০ টাকা দেওয়া হবে।

  • ১১ নভেম্বর শিলাবৃষ্টিতে মালদহের গাজোল, হবিবপুর ও বামনগোলায় ক্ষতিগ্রস্ত ১৯ হাজার কৃষককে ৮ কোটি ১২ লক্ষ টাকা দেওয়া হবে।

  • হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ৯২৪০ জনকে পানের বোরজের জন্য প্রতি ইউনিটে আড়াই হাজার টাকা করে মোট ২ কোটি ৩১ লক্ষ টাকা দেওয়া হবে।

  • নতুন করে বীজ বপনে ২৯ হাজার কৃষককে মুগ ও চিনা বাদাম এবং ১৯ হাজার কৃষককে গ্রীষ্মকালীন সবজির বীজ মিলিয়ে মোট ৫ কোটি টাকার বীজ বিতরণ করা হবে।

জল নিষ্কাশন ও কৃষি পরিকাঠামো নিয়ে প্রশাসনিক তৎপরতার কথা জানিয়ে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে জল জমা এলাকা থেকে জল নামাতে হবে এবং এই কাজে বিডিওরা সক্রিয় থাকবেন। ইরিগেশন বিভাগ গোটা বিষয়টির তদারকি করবে। পাকা আমন ধান দ্রুত তুলে নিতে ব্লক প্রশাসন বিশেষ অভিযান চালাবে এবং নালা ও বড় নালা তৈরিতে সেচ ও ক্ষুদ্র সেচ দফতরের ইঞ্জিনিয়াররা সাহায্য করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমার ক্যাম্প বসানোর পাশাপাশি ভূতনিতে ২৪০ কোটির বেশি সিআরএফ ও এসডিআরএফ প্রদান, মুখ্যমন্ত্রী কৃষি সম্মান যোজনা এবং হিমঘর থেকে আলু বের করতে ভর্তুকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, শিল্প স্থাপনের ক্ষেত্রে জমিজট কাটাতে এবার সরাসরি জমি কেনার পথে হাঁটছে রাজ্য সরকার। পুরুলিয়া, সিঙ্গুর, দুর্গাপুর, ব্যারাকপুর শিল্পাঞ্চল, ভাঙর ও নিউটাউনের ওপর রাজ্য সরকার বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us