West Bengal Budget 2026: বাজেটে সংগ্রামী ভাতার ঘোষণা অর্থমন্ত্রীর, কারা পাবেন?

Sangrami Bhata West Bengal: রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজনৈতিক হিংসায় মৃত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মৃত বিজেপি কর্মীর পরিবারের একজনের কর্মসংস্থানের কথাও জানান তিনি। এবার সংগ্রামী ভাতার কথা ঘোষণা করা হল বাজেটে।

West Bengal Budget 2026: বাজেটে সংগ্রামী ভাতার ঘোষণা অর্থমন্ত্রীর, কারা পাবেন?
কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 22, 2026 | 9:59 PM

কলকাতা: অন্নপূর্ণা যোজনা। বয়স্ক ও বিধবা ভাতা। একাধিক সামাজিক প্রকল্পের কথা বাজেটে থাকবে, এটা স্পষ্ট ছিল। তবে সোমবার বাজেট পেশের সময় এইসবের বাইরে আরও একটি ভাতার কথা উল্লেখ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সংগ্রামী ভাতা। কী এই সংগ্রামী ভাতা? কারা পাবেন? অর্থমন্ত্রীর ঘোষণার পরই এই নিয়ে জল্পনা শুরু হয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই সংগ্রামী ভাতার কথা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি জানান, এটাকে তিনি সম্মান হিসেবে দেখছেন।

বাজেটে কী ঘোষণা করেন অর্থমন্ত্রী?

এদিন বাজেট পেশের সময় সংগ্রামী ভাতা নিয়ে অর্থমন্ত্রী বলেন, “যাঁরা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলি পরে চূড়ান্ত করা হবে।” পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে বলেন, “সংগ্রামী ভাতা চালু করা হবে। যে বিজেপি কর্মীদের এবং গণতান্ত্রিক আন্দোলনে আগের সরকারের ত্রুটি উল্লেখ করার জন্য যাঁদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। আক্রান্ত করা হয়েছে। তাঁদের জন্যও আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন বের করব। তাঁদের সংগ্রামী ভাতার আওতায় এনে সম্মান দেব। অর্থটা বড় কথা নয়।”

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজনৈতিক হিংসায় মৃত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মৃত বিজেপি কর্মীর পরিবারের একজনের কর্মসংস্থানের কথাও জানান তিনি। এবার সংগ্রামী ভাতার কথা ঘোষণা করা হল বাজেটে।

এদিন বাজেটে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন নিয়ে অর্থমন্ত্রী বলেন, “অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময়ে যেসমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন, তাঁদের মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে।” পরে এই নিয়ে শুভেন্দু বলেন, “আগে ২ হাজার টাকা পেনশন ছিল অবসরপ্রাপ্ত সাংবাদিকদের। আমি লিস্ট দেখেছি, মাত্র ১৫৬ জন পান। পছন্দের লোকেরা পান। অপছন্দের লোকেরা পান না। আমাদের কাছে পছন্দ-অপছন্দ থাকবে না। প্রামাণ্য দিয়ে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা চিঠি দেবেন আমাকে। আপনারা ৫ হাজার টাকা করে পেনশন পাবেন।”

Follow Us