Suvendu Adhikari: লক্ষ্য বড় বিনিয়োগ, অ্যান্টিলিয়ায় মুকেশ অম্বানির সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী কী নিয়ে আলোচনা?

Suvendu Adhikari-Mukesh Ambani Meeting: সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকেই মুকেশ অম্বানির বাসভবন অ্যান্টিলিয়া-তে পৌঁছন তিনি। সেখানেই মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক হয়। অম্বানিদের সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানির সঙ্গে সৌজন্যের মুহূর্ত ধরা পড়েছে।

Suvendu Adhikari: লক্ষ্য বড় বিনিয়োগ, অ্যান্টিলিয়ায় মুকেশ অম্বানির সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী কী নিয়ে আলোচনা?
অম্বানি-শুভেন্দু বৈঠকImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 22, 2026 | 9:56 AM

মুম্বই: বাংলায় বিনিয়োগ টানতে এবার বড় পদক্ষেপ রাজ্যের। দেশের শীর্ষ শিল্পপতি মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অম্বানিদের বাসভবনে এই হাইভোল্টেজ বৈঠক হয়। বাংলায় রিলায়েন্সের ব্যবসা বিস্তার ও বিনিয়োগের লক্ষ্যে বৈঠক বলে সূত্রের খবর। রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যে ব্যবসায়িক পরিধি বাড়ানোর ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।

মুকেশ অম্বানিকে মা কালীর মূর্তি উপহার

সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকেই মুকেশ অম্বানির বাসভবন অ্যান্টিলিয়া-তে পৌঁছন তিনি। সেখানেই মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক হয়। অম্বানিদের সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানির সঙ্গে সৌজন্যের মুহূর্ত ধরা পড়েছে। অম্বানিকে কালীঘাটের মা কালীর মূর্তিও উপহার দেন মুখ্যমন্ত্রী। অম্বানিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর।

বৈঠকে কী কথা হল, জানালেন মুখ্যমন্ত্রী 

পরে, অম্বানিদের সঙ্গে বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “গতকাল মুম্বইয়ে দেশের বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ অম্বানির বাসভবনে গিয়েছিলাম। সেখানে ভগবান গণেশের সামনে প্রার্থনা করার সৌভাগ্য হয়। দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের রাজ্যের আত্মা, ঐতিহ্য ও চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে অম্বানি পরিবারের হাতে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছে। মা কালীর কাছে প্রার্থনা করি, তিনি যেন অম্বানি পরিবারকে সুস্বাস্থ্য, সুখ ও আগামী দিনে আরও সাফল্যের আশীর্বাদ করেন।”

শিল্পের বিকাশ নিয়েও কথা খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে লেখেন, “সৌহার্দ্যপূর্ণ আলোচনায় পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা নিয়েও আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। যুবসমাজের উন্নতিতে এবং রাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুত্থানে গতি আনবে-এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে পশ্চিমবঙ্গ প্রস্তুত।”

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরেই শিল্পায়নে লগ্নি টানতে উদ্যোগী বিজেপি সরকার। জোর দেওয়া হয়েছে বড় শিল্পের ক্ষেত্রে। বিভিন্ন শিল্পগোষ্ঠী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠকও হয়েছে। কয়েকদিন আগে টিভি৯ বাংলার ‘রাজ বদলের ১০০ দিন’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমাদের স্লোগান, শিল্পে নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনে নতুন আস্থা, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস।”

জুলাই মাসে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বিজেপি সরকার এসেছে বলেই বিমুখ শিল্পপতিরা বাংলায় ফিরছেন। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার মানুষ বেঁচে গিয়েছে। তৃণমূল গিয়েছে বাংলা-বাঙালি বেঁচে গিয়েছে। বাংলায় বন্ধ হয়েছে গুন্ডা ট্যাক্স। বাংলায় ফিরছেন বিমুখ শিল্পপতিরা।” আগামী দিনে আরও বড় বড় শিল্প আসবে রাজ্যে, দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর অঙ্গীকার, রাজ্যে টাটাকে তাঁরা ফেরাবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us