Governor Bose on Netaji: জেনে বুঝে বোসকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, বললেন বোস

C V Ananda Bose: যে নেতাজি দেশের স্বাধীনতার জন্য এত কিছু করেছেন, দেশ স্বাধীন হওয়ার পর ইতিহাসের পাতায় তাঁকে ঠিকঠাক জায়গা দেওয়া হয়নি বলেও আক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আজ রাজভবনে নেতাজির ছবিতে মাল্যদান করে রাজ্যপাল কড়া ভাষায় প্রশ্ন করলেন, 'নেতাজির স্মৃতিতে কী করা হয়েছে?'

Governor Bose on Netaji: জেনে বুঝে বোসকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, বললেন বোস
নেতাজির স্মৃতিতে রাজ্যপাল বোসImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jan 23, 2024 | 2:25 PM

কলকাতা: তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে নেতাজির নাম। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ‘বোস’ পদবি এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদবি থেকেই। নেতাজির সঙ্গে তাঁর নামের পদবির সেই যোগ নিয়ে, গর্বিত রাজ্যপাল বোস। মঙ্গলবার নেতাজির জন্মজয়ন্তীতে রাজভবনে বক্তব্য রাখার সময় এক বড় ঘোষণা করলেন তিনি। রাজভবনের পোর্টিকোর নাম রাখলেন নেতাজির নামে। এখন থেকে এটির নাম নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্টিকো। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর যে নেতাজিকে ‘ন্যাশনাল হিরো’ হিসেবে তুলে ধরেছিলেন, সে কথাও বললেন রাজ্যপাল বোস।

কিন্তু যে নেতাজি দেশের স্বাধীনতার জন্য এত কিছু করেছেন, দেশ স্বাধীন হওয়ার পর ইতিহাসের পাতায় তাঁকে ঠিকঠাক জায়গা দেওয়া হয়নি বলেও আক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আজ রাজভবনে নেতাজির ছবিতে মাল্যদান করে রাজ্যপাল কড়া ভাষায় প্রশ্ন করলেন, ‘নেতাজির স্মৃতিতে কী করা হয়েছে?’ এরপর নিজেই বললেন, “দায়িত্বশীল রাজ্যপাল হিসেবে আমি বলছি, জেনে বুঝে নেতাজিকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন, ইতিহাসে নেতাজিকে সঠিক জায়গা দেওয়া হয়নি, ইতিহাসে তাঁকে সঠিক জায়গা দিতে হবে। এটা প্রত্যেক ভারতীয় দায়িত্ব যাতে নেতাজি তাঁর সঠিক পরিচয় পান ইতিহাসে।”

এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিতে বক্তব্য রাখার সময় রাজ্যপাল বোস জানালেন, রাজভবনের তরফে একটি গবেষক দল তৈরি করা হবে। বিভিন্ন সরকারি, বেসরকারি গ্রন্থাগারকে নিয়ে এই গবেষক দল গঠন হবে। যাদের কাজ থাকবে নেতাজিকে নিয়ে গবেষণা করা। ইতিহাসের পাতায় যাতে নেতাজিকে সঠিক জায়গা দেওয়া যায়, সে জন্য নেতাজি প্রসঙ্গ বার্ষিক বক্তৃতাসভারও আয়োজন করা হবে বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

 

Follow Us