
কলকাতা: রাজ্যে পালাবদলের পর সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন। এতদিন সরকারি হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে সাদা কাগজে বা ‘সার্কিট’ (সংকেত বা কোড) ব্যবহার করে বাইরের ওষুধ লেখার যে অভিযোগ উঠত, তা এবার সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্যাডেই ওষুধ লিখতে হবে এবং তাতে চিকিৎসকের সই, তারিখ, সময় ও স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক।
ইতিমধ্যেই রাজ্যের হাসপাতালগুলিতে এই নির্দেশিকা পালন করার প্রক্রিয়া শুরু হয়েছে। খাতায়-কলমে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে এবং আগামিদিনে আরও বদল আসবে বলে প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে। প্রশাসনের এই কড়া নির্দেশের পরও সাধারণ মানুষের ভোগান্তির ছবি কি আদৌ বদলেছে?
দূর-দূরান্তের গ্রামগঞ্জ থেকে এক বুক আশা নিয়ে কলকাতা কিংবা শহরতলির সরকারি হাসপাতালগুলিতে ছুটে আসেন অসংখ্য মানুষ। সবার সামর্থ্য থাকে না চড়া দামে বাইরে থেকে ওষুধ কেনার। অথচ আজ কলকাতা মেডিক্যাল কলেজের সামনের বেসরকারি ওষুধের দোকানগুলিতে ধরা পড়ল উপচে পড়া ভিড়ের ছবি। সেখানে দাঁড়িয়ে কেউ বাধ্য হয়ে চড়া দামে ওষুধ কিনছেন, আবার কেউ ওষুধের আকাশছোঁয়া দাম শুনে খালি হাতেই বাড়ি ফিরছেন।
রোগীর পরিজনেরা ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে জানান, হাতেগোনা কয়েকটি ওষুধ বাদ দিলে প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। অনেকেই ক্যামেরার সামনে হাজার হাজার টাকার ওষুধ কেনার বিলও তুলে ধরেন। ফলে প্রশ্ন উঠেছে, খাতায়-কলমে নিয়ম বদলালেও প্রান্তিক ও গরিব মানুষেরা কি আদৌ সঠিক ও বিনামূল্যের পরিষেবা পাবেন?
এই প্রসঙ্গে আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, এতদিন হাসপাতালগুলিতে কৃত্রিমভাবে ওষুধের সঙ্কট তৈরি করে রাখা হত এবং সংকেতিক চিহ্ন ব্যবহার করে রোগীদের বাইরের দোকানে পাঠানো হত। এখন থেকে সেই সমস্ত অসাধু চক্র সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে স্বাস্থ্য ভবন বদ্ধপরিকর বলে তিনি জানিয়েছেন।