
কলকাতা: রাজ্য ও কলকাতা পুলিশকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ১১৫৯৩ জনকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। ডিসেম্বর মাসের মধ্যে আরও চার হাজার পুলিশের নিয়োগ হবে। মোট ৯ হাজার পুলিশ নিয়োগ হবে বলে আশ্বস্ত করেন তিনি। নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে পুলিশে নিয়োগের ক্ষেত্রে এবার থেকে শারীরিক দক্ষতার পরীক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে সরকারি চাকরিতে বিশেষ করে পুলিশে চাকরির ক্ষেত্রে নিয়মে কিছু বদল আসবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আগে নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা করা হত না। এভাবে পুলিশে নিয়োগ হয় না। এটা খুব হাই স্কিলড দফতর।” তখনই মুখ্যমন্ত্রী বলেন, “শেষ ক্যাবিনেটে ঠিক করেছি। পুলিশ এ উচ্চপদস্থ অফিসার সহ ক্লার্ক নিয়োগ হবে।”
তবে মুখ্যমন্ত্রী এও বলেছেন, তিনি উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্ট খোলার এক সপ্তাহের মধ্যে নিয়োগের বিষয়টি এক্সিট করিয়েছিলেন। তা না হলে পুজোর আগে নিয়োগ হত না বলেও জানিয়েছেন তিনি। তবে এক্ষেত্রে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মুখ্য়মন্ত্রীর কথায়, “আমি ক্রেডিট নেওয়ার জন্য হাততালি চাই না।যদি সরকার চেঞ্জ না হত, তাহলে এই নিয়োগ হত না। কারণ জটিলতাও ছিল অনেক। ওবিসি জট মুক্ত করেছি।”
পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দেন, “সততার সঙ্গে কাজ করবেন। অনুপ্রবেশকারীদের আটকাবেন।” তিনি আশ্বস্ত করেন, “ঠিক সময়েই সপ্তম পে কমিশন করিয়ে দেব। আপনাদের বেতন বাড়িয়ে দেব।” বাংলার পুলিশকে উত্তরপ্রদেশের পুলিশের থেকেও বেশি দক্ষ করবেন বলে নিজেই নিজের লক্ষ্যমাত্রা স্থির করলেন শুভেন্দু অধিকারী।