Suvendu Adhikari: ‘আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না’, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন

West Bengal Pink Card: বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে মহিলাদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের কথা জানিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পরই তা নিয়ে সিদ্ধান্ত নেয় শুভেন্দু-সরকার। এবার ফ্রিতে যাতায়াতের জন্য মহিলাদের পিঙ্ক কার্ড দেবে সরকার।

Suvendu Adhikari: আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 01, 2026 | 4:04 PM

কলকাতা: মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। ক্ষমতায় এসেই চালু করেছে শুভেন্দু-সরকার। কিন্তু, এই নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। যেসব মহিলা আর্থিকভাবে সাবলম্বী, তাঁদের সরকারি বাসে ছাড় দেওয়ার প্রয়োজন রয়েছে কি না, সেই প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে বুধবার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিনামূল্যে বাস পরিষেবার জন্য পিঙ্ক কার্ড আনার কথা বললেন। এবং কারা এই কার্ড পাবেন, সেই বার্তাও দিলেন।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান ছিল। সেখানেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট মহিলাদের জন্য চালু করেছি। আমরা চালু করার সময় বেশি সময় পাইনি। এবার একটা পিঙ্ক কার্ড করে দেব। যাতে যাঁরা সরকারি বাসে প্রকৃতপক্ষে ফ্রিতে যেতে পারেন, তাঁরাই পাবেন। কারণ আমি দেখেছি, বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদি, বোনেরা বলেছেন, ‘আমি টিকিট কাটতে চাই। আমি সরকারের কাছ থেকে উপযুক্ত টাকা পাচ্ছি। আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না।’ আমি তাঁদের কুর্নিশ জানাই। তাঁরা চান, এই ধরনের অর্থনৈতিক সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছে যাক। ছাত্রীদের কাছে যাক। চা বাগানের শ্রমিকদের কাছে যাক। চিকিৎসা করতে আসা গ্রামের মহিলারা ফ্রিতে বাসে যাতায়াতের সুযোগ পান।”

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “তাই আমরা একটা পিঙ্ক কার্ড করে দেব। তার ফলে যাঁদের সরকারি বাসে ফ্রিতে যাওয়া প্রয়োজন, তাঁরা পাবেন। এই কাজে আমাদের বছরে প্রায় অতিরিক্ত ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।” প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে মহিলাদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের কথা জানিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পরই তা নিয়ে সিদ্ধান্ত নেয় শুভেন্দু-সরকার। এবার ফ্রিতে যাতায়াতের জন্য মহিলাদের পিঙ্ক কার্ড দেবে সরকার। এখন কারা ওই কার্ড পান, সেটাই দেখার।

Follow Us