West Bengal Tourism Investors Meet: লক্ষ্য পর্যটনে বিনিয়োগ ও কর্মসংস্থান, বড় পদক্ষেপ শঙ্করের দফতরের

Tourism Investment and Job Creation in Bengal: রাজ্যের পর্যটন দফতর রাজ্যজুড়ে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্যায়ন, ঐতিহ্য সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং স্থানীয় মানুষকে যুক্ত করে পর্যটন ব্যবস্থার প্রসারে একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিংবা এগিয়েছে।

West Bengal Tourism Investors Meet: লক্ষ্য পর্যটনে বিনিয়োগ ও কর্মসংস্থান, বড় পদক্ষেপ শঙ্করের দফতরের
পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 25, 2026 | 9:33 PM

কলকাতা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) কলকাতার তাজ বেঙ্গলে বিশেষ ইনভেস্টরস মিট আয়োজন করছে রাজ্যের পর্যটন দফতর। এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় পর্যটন ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই ইনভেস্টরস মিটে পশ্চিমবঙ্গকে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের উপযুক্ত গন্তব্য হিসেবে তুলে ধরা হবে। হসপিটালিটি, টি-ট্যুরিজম, হেরিটেজ, নতুন পর্যটন গন্তব্য গড়ে তোলার মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। শুক্রবার একথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

‘ফ্রম ইনটেন্ট টু ইনভেস্টমেন্ট’ থিমে আয়োজিত এই বৈঠকে একাধিক বড় বিনিয়োগের ঘোষণা হতে পারে। হোটেল ব্র্যান্ড, বিজনেস হোটেল, টি-ট্যুরিজম, উত্তরবঙ্গের রিসর্ট, হেরিটেজ, লেজার ও ওয়েলনেস প্রকল্পের মতো ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা করা হবে। ইনভেস্টরস মিটে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ওয়েবসাইটের উদ্বোধন হবে। এরপর চালু করা হবে সমন্বিত ট্যুরিজম অ্যাপ। এছাড়াও রাজ্য সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা হবে এই বৈঠকে।

রাজ্যের পর্যটন দফতর রাজ্যজুড়ে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্যায়ন, ঐতিহ্য সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং স্থানীয় মানুষকে যুক্ত করে পর্যটন ব্যবস্থার প্রসারে একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিংবা এগিয়েছে। পাশাপাশি নতুন পর্যটনকেন্দ্র তৈরি, পর্যটকদের পরিকাঠামো উন্নয়ন এবং পর্যটননির্ভর কর্মসংস্থান বাড়াতে একাধিক প্রকল্পের কাজ চলছে।

১০৮টি ধর্মীয় পর্যটন সার্কিট:

মন্দির ও তীর্থস্থানগুলিকে নিয়ে ১০৮টি ধর্মীয় পর্যটন সার্কিট তৈরি করা হচ্ছে। এর আওতায় ৪০০-র বেশি পর্যটন কেন্দ্র থাকবে। পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটনকেন্দ্রের উন্নয়নে জোর দেওয়া হবে।

হোমস্টে পর্যটন নীতি:

২০২২ সালের হোমস্টে নীতিকে নতুন করে সাজানো হচ্ছে। মহিলা পরিচালিত ও আদিবাসী হোমস্টেগুলিকে আরও সহায়তা দেওয়া এবং নিয়ম মেনে পরিচালনার বিষয়টিতে জোর দেওয়া হবে। এর লক্ষ্য ব্যবসা আরও সহজ করা।

কী বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ?

পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আমাদের যে পরিকল্পনা, সেগুলো বলব।আমরা পর্যটন দফতরের কতগুলো ভিশন সামনে রেখেছিলাম। তার মধ্যে দুটো কথা, পর্যটনের মাধ্যমে বিনিয়োগ এবং কর্মসংস্থান। ২৭ তারিখের এই সম্মেলনে রাজ্য ও রাজ্যের বাইরের বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন। পর্যটনে বিনিয়োগকারীদের সম্মেলন এর আগে কখনও হয়নি। এই সম্মেলনের মধ্য দিয়ে যে বিনিয়োগের ঘোষণা হবে এবং যা বাস্তবে রূপায়িত হবে। তাতে একদিকে রাজস্ব সংগ্রহ বাড়বে। অন্যদিকে বড় ধরনের কর্মসংস্থান হবে বলে আমরা আশা করছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us