
কলকাতা: দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়লেও ভিজবে উত্তরবঙ্গ। তেমনটাই বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। মূলত বাংলাদেশ ও অসমের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে একদমই বৃষ্টির পূর্বাভাস নেই তেমনটা নয়। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে বৃষ্টি আরও কমে যাবে। তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আগামী কয়েক দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। ফলে বাতাসে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ শতাংশ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে চরম অস্বস্তিকর গরম থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি কম থাকলেও, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত। মালদহ-উত্তর দিনাজপুর-সহ নিচের জেলাগুলিতেও ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকলেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বৃহস্পতিবার থেকে পাহাড়ি জেলাগুলিতে আবারও বৃষ্টি বাড়বে।