Aroop Biswas: কোথায় অরূপ, কোথায় সায়ন্তিকা, কোথায় নুসরত- নবনীড়ে এবার কী হল ভাইফোঁটায়

Aroop Biswas Bhaiphota: তারকারা নাচতেন, গাইতেন, সিনেমার সংলাপ বলে শোনাতেন। তবে এবার সকাল থেকে বন্ধ নবনীড়ের দরজা। নেই কারও আনাগোনা।টলিগঞ্জের প্রিয় কলাকুশলীদের দেখা নেই। নেই আড্ডা, নেই গান, নাচ সঙ্গে রসিয়ে খাওয়া-দাওয়া। বুধবার বেলায় গিয়ে দেখা গেল অন্যান্য দিনের মতোই শুনশান ওই বৃদ্ধাশ্রম।

Aroop Biswas: কোথায় অরূপ, কোথায় সায়ন্তিকা, কোথায় নুসরত- নবনীড়ে এবার কী হল ভাইফোঁটায়
নবনীড় বৃদ্ধাশ্রমImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 11, 2026 | 4:39 PM

কলকাতা: ভাইফোঁটা মানেই জ্বলে উঠত নবনীড়। সকাল থেকে হইহই, আলোর রোশনাই, তারকাদের গাড়ির আনাগোনা- সে এক অন্যরকম দিন কাটাতেন নবনীড় বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা। গত ১৫ বছর ধরে এটাই ছিল ভাইফোঁটার চেনা ছবি। তবে এবার সে সব উধাও। কোথায় অরূপ বিশ্বাস?  কোথায় নুসরত-সায়ন্তিকা? রাজ্যে পালাবদলের পরই বদলে গেল ভাইফোঁটার ছবি।

গত কয়েক বছর ধরে নবনীড় বৃদ্ধাশ্রমে জাঁকজমক করে ভাইফোঁটার আয়োজন করা হত। মধ্যমনি হয়ে থাকতেন অরূপ বিশ্বাস। চারপাশে থাকতেন টলি তারকারা। তাঁদের সঙ্গে ফোঁটা দিতেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। মাছ-মাংসের বিরাট আয়োজন থাকত সেখানে।

তারকারা নাচতেন, গাইতেন, সিনেমার সংলাপ বলে শোনাতেন। তবে এবার সকাল থেকে বন্ধ নবনীড়ের দরজা। নেই কারও আনাগোনা। টলিগঞ্জের প্রিয় কলাকুশলীদের দেখা নেই। নেই আড্ডা, নেই গান, নাচ সঙ্গে রসিয়ে খাওয়া-দাওয়া। বুধবার বেলায় গিয়ে দেখা গেল অন্যান্য দিনের মতোই শুনশান ওই বৃদ্ধাশ্রম।

একাধিক আবাসিক নিজেদের বাড়িতে গিয়েছেন ভাইফোঁটার অনুষ্ঠানে। আবার কেউ কেউ বৃদ্ধাশ্রমের ভিতরেই একরকমভাবে ফোঁটা উৎসব পালন করে নিয়েছেন।

রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম ভাইফোঁটা। এমন ভাইফোঁটার দিনে বিগত বছরেও জমজমাট ছিল বাঁশদ্রোণী এলাকা। সকাল থেকে চলত মাইকে ঘোষণা এবং গান। একের পর এক তারকা বিলাসবহুল গাড়ি নিয়ে ভিড় করতেন আশ্রমের সামনে।

মন্ত্রী নেই, তাই কেউ এবার এসে কেউ খোঁজও নিলেন না যে আবসিকরা কেমন আছেন? কীভাবে দিন কাটাচ্ছেন তাঁরা? ভিতর থেকে দরজা বন্ধ। খোঁজ নিলে বলা হচ্ছে, ভাইফোঁটা এখানে সবাই নিজেরা করছে, কেউ আসনি। বড় করে হচ্ছে না। অনেকেই নেই।

জানালা দিয়ে তখন উঁকি ঝুঁকি মারতে দেখা গেল একাধিক আবাসিককে। এক বছর আগেও যেখানে প্যান্ডেলে মুড়ে ফেলা হতো গোটা এলাকা, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা।

Loading...
Unable to load recommendations.
Follow Us