
ঘন, লম্বা ও চকচকে চুল কার না পছন্দ! আর সোশ্যাল মিডিয়ার যুগে চুল দ্রুত লম্বা করার নানা ‘টোটকা’ অহরহ আমাদের চোখে পড়ে। সম্প্রতি ইন্টারনেটে ব্যাপকভাবে চর্চা চলছে পাঁচটি বিশেষ বীজ বা ‘সিডস’ নিয়ে, যা নাকি নিয়মিত খেলে মাত্র ১০ দিনেই চুল দ্রুত বাড়তে সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের মতে, অলৌকিক কোনও জাদু নয়, বরং এই বীজগুলোতে থাকা আয়রন, ওমেগা-৩ ও জিঙ্কের মতো পুষ্টি উপাদানই চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে।
কোন সেই ৫টি সুপারফুড বীজ এবং কীভাবে কাজ করে?
১. কুমড়োর বীজ (Pumpkin Seeds): এই বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। প্রতিদিন ১ টেবিল চামচ করে এটি খাওয়া যেতে পারে।
২. সূর্যমুখীর বীজ (Sunflower Seeds): ভিটামিন ই, সেলেনিয়াম এবং হেলদি ফ্যাট সমৃদ্ধ এই বীজ স্ক্যাল্পের রক্তসঞ্চালন বাড়ায় এবং চুলকে স্বাভাবিক উজ্জ্বলতা দান করে। এর দৈনিক মাত্রা ১ টেবিল চামচ।
৩. তিসির বীজ (Flax Seeds): তিসি হল উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অনবদ্য উৎস। এটি মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি দূর করে চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায়। প্রতিদিন ১ টেবিল চামচ তিসি হালকা ভেজে গুঁড়ো করে খাওয়া সবচেয়ে কার্যকর।
৪. তিল (Sesame Seeds): তিলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও কপার। চুলের ফলিকল সতেজ রাখতে এবং অকালে চুল পাকা প্রতিরোধে তিল দারুণ ভূমিকা পালন করে। এটিও দিনে ১ টেবিল চামচ খাওয়া উপকারী।
৫. চিয়া সিড (Chia Seeds): ওমেগা-৩, প্রোটিন, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চিয়া সিড চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রেখে প্রতিদিন ১ টেবিল চামচ খাওয়া যেতে পারে।
বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন এই পাঁচটি বীজ একসঙ্গে খাওয়ার কোনও প্রয়োজন নেই। সপ্তাহের বিভিন্ন দিনে ঘুরিয়ে-ফিরিয়ে ২-৩ ধরনের বীজ ডায়েটে রাখা ভালো। পাশাপাশি পর্যাপ্ত প্রোটিন ও সুষম খাবার খাওয়া জরুরি।
মনে রাখা প্রয়োজন, বীজ বা সিডস চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে মাত্র। তবে হরমোনের ভারসাম্যহীনতা, তীব্র পুষ্টির অভাব কিংবা শারীরিক জটিলতার কারণে চুল পড়লে কেবল বীজে কাজ হবে না। চুল পড়ার সমস্যা অতিরিক্ত বা দীর্ঘদিনের হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।