
অনেকেই ব্রেকফাস্টে সেদ্ধ ডিম খেয়ে থাকেন। সুস্বাস্থ্য বজায় রাখতে সেদ্ধ ডিমের জুড়ি মেলা ভার। তবে অনেক সময়ই দেখা যায়, ডিম সেদ্ধ করার পর তার কুসুমটি স্বাভাবিক হলুদ রঙের বদলে কেমন যেন কালচে বা সবজেটে হয়ে গিয়েছে। বিষয়টি দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েন—ডিমটি নষ্ট হয়ে গেল না তো? নাকি এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
চিন্তার কিছু নেই, বিজ্ঞান বলছে এর পেছনে রয়েছে একেবারে সাধারণ এক রাসায়নিক প্রক্রিয়া। কেন বদলায় কুসুমের রং?
ডিমের কুসুম সবুজ বা কালচে হওয়ার মূল কারণ হল অতিরিক্ত সময় ধরে বা বেশি তাপে ডিম সেদ্ধ করা। ডিমের সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে সালফার এবং কুসুমে থাকে আয়রন। যখন ডিমকে দীর্ঘক্ষণ অতিরিক্ত তাপে ফোটানো হয়, তখন সাদা অংশের সালফার গ্যাস আকারে কুসুমের দিকে ধাবিত হয়। সেখানে পৌঁছানোর পর আয়রনের সঙ্গে সালফারের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তৈরি হয় ‘আইরন সালফাইড’। এই আইরন সালফাইডের রঙের কারণেই কুসুমের বাইরের স্তরে সবুজ বা কালচে-ধূসর একটি প্রলেপ তৈরি হয়।
এই ডিম কি খাওয়া নিরাপদ?
পুষ্টিবিদদের মতে, কুসুমের রং বদলে কালচে-সবুজ হলেও তা খাওয়ার জন্য একেবারেই নিরাপদ। এটি কোনও পচা বা বিষাক্ত উপাদান নয়। ডিমের পুষ্টিগুণেও এর বিশেষ কোনও নেতিবাচক প্রভাব পড়ে না। তবে দেখতে খানিকটা খারাপ লাগে এবং কিছুটা গন্ধের তারতম্য হতে পারে।
ডিম সেদ্ধ করার সময় কী করা উচিত?
ডিম অতিরিক্ত সময় ফোটাবেন না। জল ফুটতে শুরু করার পর থেকে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিটের বেশি সেদ্ধ না করাই শ্রেয়। সেদ্ধ করার পরপরই ডিমগুলোকে গরম জল থেকে তুলে বরফ-ঠান্ডা জলে ডুবিয়ে দিন। এর ফলে ডিমের ভেতরের তাপমাত্রা হঠাৎ কমে যায় এবং রাসায়নিক বিক্রিয়াটি সেখানেই থেমে যায়। ফলে কুসুমের স্বাভাবিক সুন্দর হলুদ বা কমলা রং অটুট থাকে।