
চিকেন (Chicken) ছাড়া মুখে ভাত ওঠে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন নয়। কারণ মাছের পাশাপাশি চিকেনও বাঙালির প্রেম। রবিবার মানেই বাঙালির হেঁশেল থেকে ভেসে আসবেই মুরগি কষানোর গন্ধ। ছুটির দুপুরে মুরগির ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে ঘুমের সঙ্গে কোনওরকম আপোষ করতে নারাজ বাঙালি। তবে সবদিন তো আর একঘেঁয়ে মুরগির ঝাল, ঝোল খেতে ভালো লাগে না। তাই এ বার রবি-দুপুরে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন চাঙ্গেজি (Chicken Changezi Recipe)। স্বাদে ও গন্ধে অন্যান্য সব পদকে কয়েক গোল দেবে এই চিকেন চাঙ্গেজি। কথা না বাড়িয়ে ঝটপট জেনে নিন রেসিপি, আর লাঞ্চ টেবলে সকলের মুখে হাসি ফোটান।
প্রথমেই জেনে নেওয়া যাক এই পদ বানাতে কী-কী লাগবে…
উপকরণ:
চিকেন
টকদই
আদা-রসুন বাটা
কাশ্মীরি গুঁড়ো লঙ্কা
পেঁয়াজ
কাজু বাদাম
লঙ্কার গুঁড়ো
গরম মশলার গুঁড়ো
তেজপাতা
শুকনো লঙ্কা
এলাচ
নুন
লবঙ্গ
দারুচিনি
দুধ
সাদা তেল
ঘি
স্টেপ ১-
ম্যারিনেশনের জন্য চিকেনর মধ্যে টকদই দিন। তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।
স্টেপ ২-
এরপর শুকনো কড়ায় কাজুবাদাম রোস্ট করে নিন। সামান্য ঘি দিন কড়াইয়ে। তাতে হালকা করে ভেজে নিন কাজুবাদাম। কাজুবাদাম ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো লাল-লাল করে ভেজে নিন।
স্টেপ ৩-
এ বার ভাজা পেঁয়াজ ও কাজুবাদাম ঠান্ডা করে মিক্সিতে একটা থকথকে পেস্ট বানিয়ে নিন। এরপর কড়াইয়ে দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ ফোড়ন দিন। এরপর তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিন। পরিমাণমতো হলুদ,নুন ও চিনি দিন। এবং কাজু ও পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মাংস কষে এলেই তৈরি আপনার চিকেন চাঙ্গেজি। গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।