
আই ড্রপ (Eye Drop): চোখ একটু লাল হল বা কটকট করছে। ব্যস, ওষুধের দোকান থেকে একটা ড্রপ কিনে এনে চোখে দিয়ে দিলেন! অথবা আগেরবারের বেঁচে যাওয়া ওষুধটাই আবার কাজে লাগিয়ে দিলেন। এমনটা করেন কি? তাহলে কিন্তু নিজেরই বিপদ ডেকে আনছেন। ড্রাই আই বা অ্যালার্জির মতো সমস্যায় আই ড্রপ দারুণ কাজ করে। গ্লুকোমা বা রেটিনার রোগেও এটি খুব জরুরি। কিন্তু ম্যাক্স হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ড: অদিতি ঘোষ দস্তিদার জানাচ্ছেন, রোগীরা ড্রপ দেওয়ার সঠিক নিয়মই জানেন না। বিশেষ করে বোতল খোলার পর কতদিন তা ব্যবহার করা নিরাপদ, তা নিয়ে চরম ধোঁয়াশা রয়েছে। সামান্য ভুলেই এই ড্রপ আপনার চোখের মারাত্মক ক্ষতি করতে পারে।
খোলার পর কতদিন নিরাপদ?
সবচেয়ে জরুরি নিয়ম হল, খোলার ৩০ দিন পর তা আর কোনও ভাবেই ব্যবহার করা উচিত নয়। বোতলটি যেদিন খুলছেন, তার গায়ে পেন দিয়ে তারিখ লিখে রাখুন। এক মাস পার হয়ে গেলে ওষুধ বেঁচে থাকলেও তা ফেলে দিন। তা না হলে চোখে বড়সড় ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। ড্রপ কেনার আগে এক্সপায়ারি ডেট অবশ্যই মিলিয়ে নেবেন।
কীভাবে ড্রপ দেবেন?
বোতল ধরার আগে সাবান ও জল দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন। বোতলের সিল ঠিক আছে কি না দেখে নেবেন। সিল ভাঙতে কখনও সেফটি পিন বা ছুঁচলো কিছু ব্যবহার করবেন না। ওষুধ যদি ঘোলাটে হয়, তবে ব্যবহারের আগে বোতলটা একটু ঝাঁকিয়ে নেবেন।
ড্রপ দেওয়ার সময় মাথা পিছনের দিকে হেলিয়ে উপরের দিকে তাকান। এক আঙুল দিয়ে চোখের নিচের পাতা হালকা টেনে পকেটের মতো করুন। ঠিক সেখানেই ড্রপ দিন। সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, বোতলের মুখ যেন চোখ, চোখের পাতা বা আঙুলের সঙ্গে না ঠেকে।
ওষুধ দেওয়ার পর ১ থেকে ২ মিনিট চোখ হালকা করে বন্ধ রাখুন, তবে জোরে চেপে ধরবেন না। গ্লুকোমার মতো রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো চোখের কোণ হালকা চেপে রাখতে হতে পারে। ড্রপ গড়িয়ে গালে লাগলে পরিষ্কার টিস্যু দিয়ে আলতো করে মুছে ফেলুন, কারণ কিছু ওষুধের প্রভাবে ত্বকের ক্ষতি হতে পারে। চিকিৎসার সময় চোখের মেকআপ থেকে দূরে থাকাই ভালো।
যাঁদের চোখে পরপর একাধিক ড্রপ দেওয়ার প্রয়োজন হয়, তাঁদের দুটি ওষুধের মাঝে অন্তত ১০ মিনিটের ব্যবধান রাখা ভীষণ জরুরি। তা না হলে আগের ওষুধটি ধুয়ে বেরিয়ে যায়। সব শেষে, ওষুধ সবসময় পরিষ্কার, ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখবেন।