
গরম ভাতের সঙ্গে গরম গরম এক বাটি লাউ-চিংড়ি… এই পদের শুধু নাম শুনলেই জিভে জল আসে অনেকের। লাউয়ের নরম স্বাদ আর চিংড়ির লোভনীয় ঝাঁঝ মিলে এই পদ বাঙালির রান্নাঘরে যেন এক যুগলবন্দি। লাউ চিংড়ি একদিকে স্বাস্থ্যকর, অন্যদিকে ভাত সহজে খাওয়ার মতো সুস্বাদু এই পদ। যার ফলে লাউ-চিংড়ি (Lau Chingri) হয়ে উঠেছে মধ্যাহ্নভোজনের অপরিহার্য সঙ্গী।
লাউ – ১টা (খোসা ছাড়ানো, ছোট ছোট টুকরো), মাঝারি আকারের চিংড়ি – ২০০ গ্রাম (পরিষ্কার করা), পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা- ৩-৪টি (চেরা), হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, সর্ষের তেল ৩ টেবিল চামচ, নুন স্বাদমতো।
প্রথমে চিংড়িগুলোকে ভাল করে জল দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর চিংড়িগুলোতে হলুদ ও নুন মাখিয়ে নিন। এ বার কড়াইতে সর্ষের তেল দিন। এরপর সর্ষের তেল গরম হয়ে গেলে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। এ বার দিন আদা-রসুন বাটা, কাঁচা লংকা, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষে নিন। তাতে কুচি করা লাউ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন। লাউ থেকে জল ছাড়বে, সেই জলেই ভাল করে সেদ্ধ হবে। লাউ নরম হলে ভাজা চিংড়ি যোগ করুন, নুন পরিমাণ মতো দিয়ে আরও কিছুক্ষণ কষতে হবে। শেষে অল্প সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।