
অনিয়মিত জীবনযাত্রা, মানসিক চাপ, অতিরিক্ত দূষণ এবং খাদ্যাভ্যাসে পুষ্টির অভাব— এই সব কিছুর প্রভাব সবচেয়ে আগে পড়ে আমাদের চুলে। ফলে কম বয়সেই চুলে পাক ধরা এখন ঘরে ঘরে এক বড় সমস্যা। আর এই পাকা চুল ঢাকতে অনেকেই নিয়মিত রাসায়নিক হেয়ার ডাই বা অ্যামোনিয়াযুক্ত রং ব্যবহার করেন। এতে সাময়িকভাবে চুল কালো হলেও দীর্ঘমেয়াদে চুলের আর্দ্রতা হারিয়ে যায়, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে এবং চুল ঝরা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।
তবে উদ্বেগের কিছু নেই। কোনও ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই পাকা চুলকে দীর্ঘস্থায়ীভাবে কুচকুচে কালো করার এক অব্যর্থ আয়ুর্বেদিক উপায় রয়েছে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, চুলকে স্বাভাবিকভাবে কালো ও শক্ত করতে সবচেয়ে ভালো কাজ করে লোহার পাত্রে তৈরি বিশেষ পেস্ট। লোহার সংস্পর্শে এসে প্রাকৃতিক উপাদানগুলোর কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায়।
কী কী লাগবে?
আমলকী গুঁড়ো: ৩ চামচ
কালোজিরে (গুঁড়ো করা): ২ চামচ
মেহেন্দি (হেনা) পাউডার: ২ চামচ
ঘন লিকার চা বা কফির জল: প্রয়োজনমতো
এভাবে তৈরি করুন–
১. প্রথমে একটি লোহার কড়াই বা পাত্রে শুকানো আমলকী ও কালোজিরে গুঁড়ো হালকা আঁচে ২-৩ মিনিট একটু ভেজে নিন, যতক্ষণ না সেগুলোর রঙ গাঢ় বাদামি থেকে কালো ভাব নেয়।
২. এবার আঁচ বন্ধ করে পাত্রটি ঠান্ডা হতে দিন। এরপর এতে মেহেন্দি পাউডার এবং পরিমাণমতো ইষদুষ্ণ লিকার চা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।
৩. মিশ্রণটি তৈরি হয়ে গেলে কড়াইটি ঢেকে সারারাত (কমপক্ষে ৮ থেকে ১০ ঘণ্টা) রেখে দিন। লোহার সঙ্গে উপাদানের বিক্রিয়ার ফলে পরদিন সকালে দেখা যাবে পেস্টটির রঙ একদম কুচকুচে কালো হয়ে গিয়েছে।
সকালে চুল ভালো করে আঁচড়ে নেওয়ার পর (তেলহীন পরিষ্কার চুলে) পেস্টটি ব্রাশ বা হাতের সাহায্যে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। অন্তত ১ থেকে ১.৫ ঘণ্টা চুলে প্যাকটি শুকাতে দিন।
এরপর কোনও শ্যাম্পু ব্যবহার না করে কেবল সাধারণ ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ওই দিন রাতে মাথায় হালকা গরম তেল দিয়ে ম্যাসাজ করুন এবং তার পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।
কেন কাজ করে এই পেস্ট?
আমলকীতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের মেলানিন ক্ষয় রোধ করে। কালোজিরে চুলের গোড়ায় পুষ্টি জোগায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। আর লোহার পাত্রের গুণাগুণ এই মিশ্রণকে দেয় এক প্রাকৃতিক গাঢ় কালো রঞ্জক। মাসে ২ থেকে ৩ বার এই পেস্ট ব্যবহার করলে কেমিক্যাল ছাড়াই মিলবে ঝলমলে, ঘন ও কুচকুচে কালো চুল।