Chicken Momo Recipe: বাড়িতেই বানান তুলতুলে নরম চিকেন মোমো, স্যুপটা ভুলবেন না!

Home Made Momo: রোজ বাইরে গিয়ে সেই একঘেয়ে মোমো খাওয়ার চেয়ে যদি এই পুজোর দিনে ঘরেই বানিয়ে ফেলা যায় রেস্তোরাঁর থেকেও সুস্বাদু তুলতুলে নরম চিকেন মোমো এবং তার সঙ্গে মানানসই গরম স্যুপ? ভাবছেন তো, দোকানের মতো মোমোর খোলস কি আর ঘরে নরম করা সম্ভব? একটু কৌশল জানলেই কাজটা জলের মতো সহজ। চলুন, রেসিপিটা জেনে নেওয়া যাক।

Chicken Momo Recipe: বাড়িতেই বানান তুলতুলে নরম চিকেন মোমো, স্যুপটা ভুলবেন না!

|

Oct 17, 2026 | 4:48 PM

ছুটির বিকেলের আমেজ মানেই জিভে জল আনা কোনও মুখরোচক খাবার। তার উপর আবার পুজোর আবহ। সেই তালিকায় থাকে গরম-গরম মোমো, তবে তো আর কথাই নেই! শহরের অলিগলির স্ট্রিট ফুড কিংবা কোনও নামী ক্যাফে—মোমোর নাম শুনলেই ছোট থেকে বড় সকলের মন খুশ হয়ে যায়। কিন্তু রোজ বাইরে গিয়ে সেই একঘেয়ে মোমো খাওয়ার চেয়ে যদি এই পুজোর দিনে ঘরেই বানিয়ে ফেলা যায় রেস্তোরাঁর থেকেও সুস্বাদু তুলতুলে নরম চিকেন মোমো এবং তার সঙ্গে মানানসই গরম স্যুপ? ভাবছেন তো, দোকানের মতো মোমোর খোলস কি আর ঘরে নরম করা সম্ভব? একটু কৌশল জানলেই কাজটা জলের মতো সহজ। চলুন, রেসিপিটা জেনে নেওয়া যাক।

যা যা লাগবে—

ময়দা ২ কাপ, সামান্য নুন, ১ চা চামচ তেল এবং মাখার জন্য ঈষদুষ্ণ জল। চিকেন কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি (মিহি করে কাটা) ১টি, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, সোয়া সস ১ চা চামচ, সামান্য ভিনেগার, স্বাদমতো নুন এবং সাদা তেল বা বাটার।

এভাবে তৈরি করুন—

প্রথমে ময়দায় নুন ও তেল মিশিয়ে নিন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে লুচির ময়দার চেয়ে একটু নরম করে ডো মেখে নিন। ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন। একটি পাত্রে চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, সয়া সস, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন ও বাটার বা তেল ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিন ১৫ মিনিট। ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। এবার লুচির চেয়েও একটু ছোট ও পাতলা করে বেলে নিন। মাঝখানে চিকেনের পুর দিয়ে পছন্দের ডিজাইনে মুখগুলো ভালো করে মুড়ে সিল করে দিন, যাতে সেদ্ধ করার সময় খুলে না যায়।

মোমো স্টিমারে তেল বা বাটার ব্রাশ করে মোমোগুলো সাজিয়ে দিন। ফুটন্ত জলের ওপর স্টিমার বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ১৮ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি তুলতুলে নরম চিকেন মোমো! মোমোর সঙ্গে গরম গরম ক্লিয়ার চিকেন স্যুপ না হলে খাবারটা যেন ঠিক জমে না।

মোমো বানানোর হাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু স্যুপ।

কী কী লাগবে–

হাড় সমেত কিছু চিকেনের টুকরো, রসুন কুচি, আদা কুচি, গাজর ও বাঁধাকপি কুচি, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, সামান্য কর্নফ্লাওয়ার (ঘন করার জন্য) এবং নুন।

কড়াইতে সামান্য বাটার গরম করে রসুন ও আদা কুচি একটু ভাজুন। এবার হাড় সমেত চিকেনের টুকরোগুলো দিয়ে সামান্য জল ও নুন দিয়ে সেদ্ধ হতে দিন। চিকেন সেদ্ধ হয়ে ঝোল তৈরি হলে চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে হাড় থেকে মাংস ছাড়িয়ে কুচিয়ে আবার ঝোলে দিয়ে দিন। সঙ্গে গাজর ও বাঁধাকপি কুচি দিয়ে দিন।

স্বাদমতো গোলমরিচ গুঁড়ো ও সোয়া সস দিন। সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে ঢেলে দিন যাতে একটু থকথকে ভাব আসে। ব্যস, ধোঁয়া ওঠা সুস্বাদু স্যুপ তৈরি!

 

Loading...
Unable to load recommendations.
Follow Us