
কলকাতা: ডালিম খেতে ভালবাসেন না, এমন মানুষ খুব কমই রয়েছেন। রসালো, টক-মিষ্টি স্বাদের এই ফল পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। কিন্তু ডালিমের খোসা ছাড়িয়ে একেকটি লাল দানা বের করা বেশ ঝামেলার কাজ। একটু অসাবধান হলেই ফলের লাল রসে নোংরা হয়ে যায় হাত, জামাকাপড় থেকে শুরু করে রান্নাঘর। তবে জানেন কি, একটি কাঠের চামচের সাহায্যেই মাত্র কয়েক মিনিটে ডালিমের সমস্ত দানা আলাদা করে নেওয়া সম্ভব? এর জন্য প্রয়োজন শুধু সঠিক পদ্ধতি।
যে জিনিসগুলি প্রয়োজন:
১- একটি তাজা ডালিম
২- একটি ধারালো ছুরি
৩- একটি বড় বাটি
৪- একটি শক্ত কাঠের চামচ
প্রথমকে ডালিমটি একটি কাটিং বোর্ডের উপর রাখুন। এরপর ফলটির উপরের মুকুটের মত অংশটি প্রায় আধ ইঞ্চি কেটে নিন। তবে ডালিমটিকে একেবারে দু’টুকরো করবেন না। এতে দানা থেঁতলে রস বেরিয়ে আসতে পারে। এবার ভিতরে যে হালকা সাদা রংয়ের পাতলা পর্দা থাকে, সেটিকে উপর থেকে নিচ অবধি হালকা করে কেটে নিন। যেখানে দাগ কেটেছেন, সেখানে ২ হাতের বুড়ো আঙ্গুল দিযে হালকা চাপ দিয়ে ফলটিকে বাইরের দিকে টানুন। এতে দেখবেন, ফলটি ফুলের পাপড়ির মতো কয়েকটি অংশে খুলে যাচ্ছে।
এবার একটি বড় বাটির উপর ডালিমটি উল্টো করে ধরুন। এক হাতে ফলটি ধরে অন্য হাতে কাঁটা চামচ নিন। এবার ডালিমের খোসার পিছনের দিকে চামচ দিয়ে কয়েকবার হালকা জোরে টোকা দিন। দেখবেন, খোসার ভিতরে থাকা লাল দানাগুলি দ্রুত খুলে বাটিতে পড়বে। এভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই সব দানা আলাদা হয়ে যাবে। দানা ছাড়ানোর পর যদি কোনও সাদা খোসা অংশ বাটিতে পড়ে, তাহলে তাতে জল ঢেলে দিন। এরপর দেখেবন, সাদা খোসার অংশগুলি জলের উপর ভেসে উঠবে ও ডালিমের দানাগুলি নিচে জমা হচ্ছে। এরপর জল ফেলে দিলেই পরিষ্কার, টাটকা ডালিমের দানা পেয়ে যাবেন। এই পদ্ধতিতে ডালিম কাটার সময় অতিরিক্ত রস বেরিয়ে আসার ভয় থাকে না। পাশাপাশি একে একে দানা ছাড়ানোর দীর্ঘ সময় ব্যয়ও এড়ানো যায়।