Bitter taste in mouth: সকালে উঠেই মুখে তেতো স্বাদ? যাকে স্বাভাবিক ভাবছেন, সেটাই হতে পারে রোগের লক্ষণ!

Health tips: সকালে ঘুম থেকে উঠেই মুখে তেতো বা টক স্বাদ লাগছে? অ্যাসিড রিফ্লাক্স, জল কম খাওয়া নাকি অন্য কোনও সমস্যা লুকিয়ে আছে এর পিছনে? জেনে নিন সকালে মুখে তেতো স্বাদ হওয়ার আসল কারণ ও এই বিরক্তি থেকে মুক্তির সহজ উপায়।

Bitter taste in mouth: সকালে উঠেই মুখে তেতো স্বাদ? যাকে স্বাভাবিক ভাবছেন, সেটাই হতে পারে রোগের লক্ষণ!
কী কী সমস্য়া থেকে এমনটা হয়?Image Credit source: Magnific

Nov 11, 2026 | 1:25 PM

মুখে তেতো স্বাদ (Bitter taste in mouth) নিয়ে সকালের শুরুটা নিশ্চয়ই খুব একটা সুখকর নয়! অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর মুখে অদ্ভুত একটা টক বা তেতো স্বাদ অনুভব করেন। অনেকে ভাবেন, রাতের খাবারের জন্যই হয়তো এমনটা হচ্ছে। তাই অনেকেই বিষয়টাকে এড়িয়ে যান। কিন্তু এই সমস্যা যদি রোজকার সঙ্গী হয়, তবে সাবধান! এর পিছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু কারণ। আসুন, সহজ ভাষায় জেনে নিই কেন এমনটা হয় আর কীভাবেই বা মিলবে মুক্তি।

কেন এমন অদ্ভুত স্বাদ হয়?

এর সবচেয়ে বড় কারণ হল অ্যাসিড রিফ্লাক্স। সহজ কথায় বলতে গেলে, আমাদের পেটের অ্যাসিড বা খাবারের কিছু অংশ যখন সোজা হজম না হয়ে উল্টো পথে গলায় বা মুখে চলে আসে, তখনই এই বিপত্তি ঘটে। এর ফলে গলায় জ্বালা, টক ঢেকুর আর মুখের স্বাদ তেতো হয়ে যায়। কখনও কখনও এই সমস্যা এতটা বেড়ে যায় যে সারাদিন অস্বস্তি থাকে।

তাছাড়া, ঘুমের মধ্যে আমাদের মুখে লালা তৈরি হওয়া বেশ কমে যায়। লালা আমাদের মুখ ভিজে রাখতে আর খাবারের ছোট কণা পরিষ্কার করতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত জলের অভাব হলে মুখ শুকিয়ে যায়। আর মুখ শুকিয়ে গেলেই এই তেতো বা কষটে স্বাদ তৈরি হয়। দাঁত বা মাড়ির কোনও সমস্যা থাকলেও কিন্তু মুখে এমন অদ্ভুত স্বাদ হতে পারে।

রাতের খাবার আর ঘুমের ভুল অভ্যাস

রাতে ভরপেট খেয়েই কি সোজা বিছানায় চলে যাওয়ার অভ্যাস? এই ভুলটা অনেকেই করে থাকেন। বেশি তেল-মশলা দেওয়া বা ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লে হজমের বারোটা বেজে যায়। খাবার ঠিকমতো হজম হওয়ার আগেই শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হু হু করে বাড়ে। তাই চিকিৎসকেরা বলেন, রাতের খাবার আর ঘুমের মধ্যে অন্তত তিন ঘণ্টার ব্যবধান রাখা খুব জরুরি।

কীভাবে মিলবে মুক্তি?

  • সকালে উঠেই ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিন। দাঁত মাজার পাশাপাশি জিভ পরিষ্কার করাও জরুরি।
  • সারাদিন প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যাস করুন। জল কম খাওয়া মানেই কিন্তু শরীরে হাজারটা রোগ ডেকে আনা!
  • রাতের খাবার খেয়েই বিছানায় নয়, অন্তত তিন ঘণ্টা পর ঘুমাতে যান।
  • অতিরিক্ত ঝাল, মশলা আর চর্বি জাতীয় খাবার একটু এড়িয়ে চলুন।
  • চা বা কফি খেলে যদি সমস্যা বাড়ে, তবে তা একটু কমিয়ে দিন।
  • প্রতিদিন নিয়ম করে দাঁত ও মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন।

এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই সমস্যা অনেকটাই কমে যাবে। তবে এত কিছুর পরও যদি দেখেন যে মুখে তেতো স্বাদ রয়েই গিয়েছে বা খাবার গিলতে কষ্ট হচ্ছে, তবে আর অবহেলা করবেন না। অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। কারণ, শরীর সুস্থ থাকলে তবেই তো দিনটা ভালো কাটবে!

Loading...
Unable to load recommendations.
Follow Us