Ghee-Rice: বাঙালি প্রজন্মের পর প্রজন্ম ধরে গরম ভাতে ঘি খাচ্ছে, পিছনে আছে ‘সায়েন্টিফিক’ কারণ

ঘি-তে স্যাচুরেটেড ফ্যাট থাকলেও এতে ফ্যাটি অ্যাসিড থাকে, যার মধ্যে বিউটিরিক অ্যাসিড অন্যতম। গবেষকদের মতে, বিউটিরেট বৃহদান্ত্র বা কোলনের আস্তরণে থাকা কোষগুলোর ক্ষেত্রে বিশেষ কার্যকরী। অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে তাই এটি বিশেষ গুরুত্বপূর্ণ।

Ghee-Rice: বাঙালি প্রজন্মের পর প্রজন্ম ধরে গরম ভাতে ঘি খাচ্ছে, পিছনে আছে সায়েন্টিফিক কারণ
Image Credit source: Facebook

Nov 22, 2026 | 1:42 PM

ধোঁয়া ওঠা একবাটি গরম ভাতের ওপর এক চামচ ঘি ছড়িয়ে খাওয়ার মধ্যে যে আলাদা তৃপ্তি রয়েছে, তা কারও অজানা নয়। শিশুরা কিছু না খেতে চাইলে, ঘি-ভাত মাখিয়ে খাওয়ানোর অভ্য়াস রয়েছে অনেক মায়েরই। শুধুমাত্র বাঙালি নয়, ঘি ভাতের ঐতিহ্য রয়েছে গোটা ভারত জুড়েই। এটিকে একটি ‘কমফোর্ট ফুড’ হিসেবে দেখা হলেও, আধুনিক গবেষণা বলছে এই পুরনো অভ্যাসের পিছনে কিছু বৈজ্ঞানিক যুক্তিও কাজ করে।

বিজ্ঞান বলছে, পরিমিত পরিমাণে ঘি খেলে তা হজমে সহায়তা করতে পারে। শরীরের পুষ্টিগুণ গ্রহণ করার ক্ষমতা বাড়াতে পারে, রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব ফেলতে পারে।

সুগার নিয়ন্ত্রণ

সাদা ভাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তবে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারে ফ্যাট যোগ করলে, পাকস্থলী থেকে খাবার বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ‘গ্যাস্ট্রিক এম্পটিং’ কিছুটা ধীরগতিতে হয়। এর ফলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে প্রবেশ করে, যা রক্তে শর্করার আকস্মিক ওঠানামা সামলাতে সাহায্য করতে পারে।

অন্ত্রের স্বাস্থ্য

ঘি-তে স্যাচুরেটেড ফ্যাট থাকলেও এতে ফ্যাটি অ্যাসিড থাকে, যার মধ্যে বিউটিরিক অ্যাসিড অন্যতম। গবেষকদের মতে, বিউটিরেট বৃহদান্ত্র বা কোলনের আস্তরণে থাকা কোষগুলোর ক্ষেত্রে বিশেষ কার্যকরী। অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে তাই এটি বিশেষ গুরুত্বপূর্ণ।

পুষ্টি শোষণে সাহায্য

অনেক ভিটামিন ও উপকারী যৌগ ফ্যাট-সলিউবল। ফলে খাবারের সঙ্গে সামান্য ফ্যাট থাকলে শরীর সেগুলো আরও ভালোভাবে শোষণ করতে পারে। ভাতের সঙ্গে গাজর, পালং শাক, কুমড়ো বা অন্য কোনও শাকসবজি থাকলে, এক চা চামচ ঘি দিয়ে খেলে তা সহজেই শরীর গ্রহণ করতে পারে।

সুগন্ধেই অর্ধেক ভোজন

ঘি-এর সুগন্ধ কেবল খাবারের আকর্ষণ বাড়ায় না, প্রথম কামড়ের আগেই ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তোলে ও খাওয়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে। ভাত, ডাল বা সবজির নিজস্ব স্বাদ চাপা না দিয়ে তা আরও খোলসা করে। খাবারে মানসিক তৃপ্তি পেলে বারবার হালকা খাবার বা স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমে।

Loading...
Unable to load recommendations.
Follow Us