
শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা। বৃষ্টি আর পিছু ছাড়ছে না। নভেম্বরের মাঝামাঝিতে এসেও আরও একটা ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। এখন যে ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব, ঠান্ডা আমেজ রয়েছে, তা বেশিদিন থাকবে না। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় আকভান। আর এই ঘূর্ণিঝড়ের অভিমুখও থাকবে অন্ধ্রের দিকেই। এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। এমনকী জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি-গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। সোমবার সন্ধ্যায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা উত্তর পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে ১৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। মছলিপত্তনমের কাছে তা আছড়ে পড়বে।
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ওইদিন থেকে উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায়। বিক্ষিপ্তভাবে দুই-এক জায়গায় বর্জ্র-বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড় ও বৃষ্টিতে উপকূলের কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত হালকা বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমতে পারে।
শনিবার বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলায়। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল পর্যন্ত কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সকাল-সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে, থাকবে হালকা শীতের আমেজও। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬২ থেকে ৯৮ শতাংশ।