
এবারের দীপাবলিতে সবচেয়ে বড় চমকটা কিন্তু দিয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। আলোর উৎসবেই প্রথমবার ছেলে বিহানের মিষ্টি মুখ প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি। একরত্তির কিউটনেসে মজেছেন নেটিজেনরা, উৎসবের আনন্দ যেন নিমেষেই কয়েক গুণ বেড়ে গিয়েছে।
স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতী মেরিকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে জমজমাট দীপাবলি কাটিয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মেরুন ও সোনালি রঙের পোশাকে সেজে ওঠা পিগি চপসের সঙ্গে মানানসই কুর্তায় নজর কেড়েছেন নিকও। প্রদীপ, ফুল আর দেশি খাবারের আয়োজনে বিদেশের মাটিতেও একেবারে খাঁটি ভারতীয় আমেজে ধরা দিয়েছে এই তারকা পরিবার।
দিদি করিশ্মা এবং বাবা-মায়ের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছেন করিনা কাপুর খান। রণধীর কাপুরকে জড়িয়ে ধরে আদর করতে দেখা গিয়েছে ছোট্ট তৈমুরকে, যা নিমেষেই মন ছুঁয়েছে ভক্তদের। তাস খেলা থেকে শুরু করে পারিবারিক আড্ডায় একেবারে জমজমাট ছিল বেবোর এবারের দীপাবলি উদযাপন।
লাল শাড়িতে সেজে হাতে পুজোর থালা নিয়ে উৎসবের সূচনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। প্রদীপ জ্বালানোর সেই সুন্দর মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তাঁর মতে, দীপাবলির এই আলো যেন সকলের জীবনে সুখ, উন্নতি এবং ভালোবাসা বয়ে নিয়ে আসে।
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের জন্য এবারের দীপাবলি ছিল একটু বেশিই স্পেশ্যাল। নতুন বাড়িতে এটাই ছিল এই তারকা জুটির প্রথম আলোর উৎসব, যা তাঁরা দারুণ উৎসাহের সঙ্গে পালন করেছেন। নিজেদের ব্যালকনি থেকেই পাপারাৎজিদের দিকে হাত নেড়ে হাসিমুখে পোজ দিয়েছেন দু'জনে।
স্বামী জ্যাকি ভাগনানির সঙ্গে রোম্যান্টিক মেজাজে লেন্সবন্দি হয়েছেন রাকুলপ্রীত সিং। ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠা এই জুটির রসায়ন ভক্তদের নজর কেড়েছে সোশাল মিডিয়ায়। দু'জনেই একে অপরের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন দারুণ এক হাসিখুশি পরিবেশে।
বাবা-মা এবং ভাই-বোনের সঙ্গে একেবারে নিখাদ পারিবারিক আবহে দীপাবলি কাটিয়েছেন শর্বরী। 'হাম সাথ সাথ হ্যায়' ক্যাপশনে ছবি পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন পরিবার তাঁর কাছে কতটা স্পেশ্যাল। কাজের ফাঁকে এই ছুটির আমেজটুকু চুটিয়ে উপভোগ করেছেন বলিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রী।
মা শ্বেতা তিওয়ারি এবং ভাইয়ের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন পলক তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় সেই সুন্দর মুহূর্তের ঝলক শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। শ্বেতা এবং পলককে একসঙ্গে দেখে অনেকেই তাঁদের মা-মেয়ে না ভেবে বোন ভেবে ভুল করেছেন।