
পড়াশোনা করার সময় অনেকেরই প্রশ্ন থাকে - মনে মনে পড়া ভাল, নাকি শব্দ করে পড়া? কেউ চুপচাপ পড়তে পছন্দ করেন, আবার কেউ জোরে পড়লে বা চিল্লিয়ে পড়লে বিষয়টি ভালভাবে বুঝতে পারেন। আসলে দুই ভাবে পড়ারই আলাদা সুবিধা আছে। কী পড়ছেন, কেন পড়ছেন ও আপনি কত ভাল রিডিং পড়তে পারেন - তার উপর নির্ভর করে পড়ার পদ্ধতি বেছে নেওয়া উচিত। (Credit - Getty Images)
মনে মনে পড়লে সাধারণত তাড়াতাড়ি পড়া যায়। প্রতিটি শব্দ মুখে বলতে হয় না বলে কম সময়ে বেশি পড়া সম্ভব। তাই গল্পের বই, খবরের কাগজ, বড় কোনও অধ্যায় বা পরীক্ষার আগে পড়া ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ সুবিধেজনক। তবে তাড়াহুড়ো করতে পড়তে গিয়ে আদৌ বিষয়টি বুঝছেন কী না, সেদিকেও নজর রাখা দরকার। (Credit - Getty Images)
মনে মনে পড়ার সময় একটি সমস্যা হতে পারে যে অমনস্ক হয়ে যাওয়া। তাই নীরবে পড়ার সময় মনোযোগ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। একটি অংশ পড়ে নিজেই নিজেকে প্রশ্ন করুন, এই অংশে কী বলা হয়েছে? যদি উত্তর দিতে পারেন, বুঝবেন যে লেখাটি আপনার মাথায় ঢুকছে। (Credit - Getty Images)
শব্দ করে পড়লে চোখে দেখার পাশাপাশি কানেও নিজের পড়া শোনা যায়। অনেকের ক্ষেত্রে এতে বিষয়টি মনে রাখা সোজা হয়। বিশেষ করে নতুন শব্দ শেখা, কবিতা পড়া, ভাষা শেখা বা কঠিন কোনও বিষয় বোঝার সময় শব্দ করে পড়া উপকারী হতে পারে। ছোটদের পড়ার অভ্যাস তৈরি করতেও এই পদ্ধতি কাজে লাগে। (Credit - Getty Images)
শব্দ করে পড়ার অন্যতম সুবিধা হল উচ্চারণের ভুল সহজে ধরা যায়। বিশেষ করে বাংলা বা ইংরেজি ভাষা শেখার জন্য এটি খুব প্রয়োজনীয়। কোনও শব্দ বারবার ভুল উচ্চারণ করলে জোরে পড়ার সময় নিজের ভুলটি কানে লাগতে পারে। তবে দীর্ঘ সময় ধরে সবকিছু জোরে পড়লে পড়ার গতি কমে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী এই পদ্ধতি ব্যবহার করা ভাল। (Credit - Getty Images)
শুধু মনে মনে বা শব্দ করে পড়লেই যে সব মনে থাকবে, তা নয়। পড়া শেষ করার পর বই বন্ধ করে নিজের মনে বিষয়টি বলার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন - কী পড়লাম? গুরুত্বপূর্ণ তথ্য কী? এভাবে পড়া বিষয়টি মনে করার চেষ্টা করলে বিষয়টি আরও ভাল ভাবে মনে থাকে। (Credit - Getty Images)
দ্রুত পড়া বা আগে পড়া বিষয় আবার ঝালিয়ে নেওয়ার জন্য মনে মনে পড়া সুবিধাজনক। অন্যদিকে কঠিন বিষয়, নতুন শব্দ, কবিতা বা ভাষা শেখার সময় শব্দ করে পড়া কাজে লাগতে পারে। অর্থাৎ, সব সময় একই পদ্ধতি অনুসরণ করার দরকার নেই। পড়ার বিষয় অনুযায়ী পদ্ধতি বদল করাই বেশি সুবিধার। (Credit - Getty Images)
তাই মনে মনে পড়া ও শব্দ করে পড়া - দুইই গুরুত্বপূর্ণ। প্রথমে মনে মনে পড়ে বিষয়টি বোঝা যেতে পারে। এরপর কঠিন অংশ শব্দ করে পড়া ও বই বন্ধ করে কী পড়েছেন তা মনে করার চেষ্টা করা যেতে পারে। এইভাবে পড়লে শুধু পড়ার অভ্যাস নয়, বিষয়টি বোঝা ও মনে রাখার ক্ষমতাও আরও ভালভাবে কাজে লাগানো সম্ভব। (Credit - Getty Images)