
আজ ২৩ ডিসেম্বর। আর একদিন পর অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাস। তার আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু।

২২ ডিসেম্বর ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিও ও টোকিও অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু।

রাজস্থানের উদয়পুরে পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়ের আসর বসেছিল। দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা তাঁদের বিয়েতে হাজির ছিলেন।

পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে তাঁদের আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন যোধপুরের কালচার অ্যান্ড টুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি এক্স হ্যান্ডেলে সিন্ধু ও ভেঙ্কটের ছবি শেয়ার করেছেন।

কয়েকদিন আগে পিভি সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের রিসেপশন।

এর আগে ভারতীয় ব্যাডমিন্টন তারকার বাবা জানিয়েছিলেন, দুটো পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনে। যে কারণে সিন্ধু ও ভেঙ্কটের বিয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পরিবার খুব সমস্যায় পড়েনি।

এ দিকে নতুন বছরের শুরুতেই পিভি সিন্ধুর নতুন সফর শুরু হয়ে যাবে। জানুয়ারি থেকেই আবার পিভি সিন্ধু নেমে পড়বেন শাটল-কক হাতে।

পিভি সিন্ধু হায়দরাবাদের মেয়ে। তাঁর স্বামী ভেঙ্কট দত্ত সাইও হায়দরাবাদেরই ছেলে। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাই।