
ডিসেম্বর মাস পড়তে বাকি মোটামুটি এক সপ্তাহ। কিন্তু, প্রশ্ন এখন যে শীত কবে পড়বে? ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। হালকা রোদের দেখাও মিলেছে। তবে, নভেম্বরের মাঝামাঝি সময়ে যে ভোরের দিকে শীতের আমেজ দেখা গিয়েছিল, তা কিন্তু কার্যত উধাও বলা যেতে পারে। বৃষ্টির দিনগুলিতেও যেভাবে পারদ পতন হয়েছিল, তাতে অনেকেই হয়তো ভেবেছিলেন কনকনে শীতের আর বেশি দেরি নেই। কিন্তু, রবিবার থেকে শীতের আমেজ সেভাবে নেই বললেই চলে।
তবে, শীত নিয়ে সুখবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আকভানের মেঘ কাটলেই ফের ঠান্ডার আমেজ শুরু হবে রাজ্যজুড়ে। বুধবার থেকেই পারদ নামতে শুরু করবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলের পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে।
সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার থাকবে। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে।
আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে, মঙ্গলবার থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তার মাঝে মাঝে রোদের ঝিলিক দেখা দেবে। বৃষ্টির সম্ভাবনা খুব কম। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও নভেম্বর-শেষে আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে মৌসম ভবনের পূর্বাভাসে।